শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভিসা আবেদনে মিথ্যা তথ্য ও প্রতারণা এবং ব্যক্তি শোষণের অভিযোগে নিউ ইয়র্কে ভারতীয় ডেপুটি কনসাল জেনারেল দেবযানি খোবরাগেডকে গ্রেফতার করা হয়ছে। শীর্ষস্থানীয় ভারতীয় এ নারী কূটনীতিককে জনসমক্ষে হাতকড়া লাগিয়ে গ্রেফতার করা হয়। দুই কন্যা সন্তানের জননী দেবযানি খোবরাগেড নিউ ইয়র্কে মার্কিন কনস্যুল জেনারেলের রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও নারীবিষয়ক প্রধান।অভিযোগে দোষী সাব্যস্ত হলে ১৫ বছরের জেল হতে পারে দেবযানির।
বৃহস্পতিবার মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় রাস্তায় জনসমক্ষে হাতকড়া পরিয়ে গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতারের পর দুই লাখ ৫০ হাজার ডলার জামানত দিয়ে জামিনে মুক্তি পান দেবজানি। জামিন পেলেও তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করতে পারবেন না এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও কর্তৃপক্ষের অনুমতি নিয়ে চলাচল করতে হবে। দেবযানির বিরুদ্ধে ভারতের এক নাগরিকের ভিসা আবেদনে মিথ্যা ও প্রতারণার আশ্রয় নেয়ার অভিযোগ রয়েছে।
ম্যানহাটনের রাষ্ট্রীয় কৌঁসুলি প্রিট ভারার আদেশে গ্রেফতার করা হয় দেবযানিকে। ভারার অভিযোগে বলেছিলেন, বাসার কাজের বুয়ার জন্য মিথ্যা ডকুমেন্ট দাখিল করেছিলেন তিনি। অভিযোগে বলা হয়েছে, সঙ্গীতা রিচার্ড নামের ওই নারীকে শোষণ করা হচ্ছিল। তাকে দিয়ে অস্বচ্ছভাবে ও সামান্য বেতনে কাজ করানো হচ্ছিল। প্রিট ভারার অভিযোগে বলেছেন, এ ধরনের প্রতারণা ও ব্যক্তি শোষণ যুক্তরাষ্ট্রে সহ্য করা হবে না। ভিসার আবেদনে সঙ্গীতার মাসিক বেতন চার হাজার ৫০০ ডলার দেখালেও তাকে মাত্র ৫৩৭ ডলার দেয়া হতো।