শীর্ষবিন্দু নিউজ: প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদের মাধ্যমে ঘোষণা দিয়েও সংবাদ সম্মেলন করলেন না জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী ও দলটির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ। রওশন এরশাদ শনিবার সন্ধ্যা ৭টায় জরুরি সংবাদ সম্মেলন করে আসন্ন নির্বাচনে যাওয়া- না যাওয়ার ব্যাপারে দলের অবস্থান ব্যাখ্যা করবেন বলে জানিয়েছিলেন হাফিজ। রওশনের সংবাদ সম্মেলনের ঘোষণায় সন্ধ্যা সাড়ে ৬টা থেকেই তার গুলশানের বাসভবনের কাছে জড়ো হতে থাকেন সংবাদকর্মীরা।
তবে নির্ধারিত সময়ের পর দীর্ঘ ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রতিবেদনটি লেখা পর্যন্ত রাত সোয়া ১০টার দিকেও এ ব্যাপারে আর কোনো বক্তব্য পাওয়া যায়নি রওশন বা জাপার পক্ষ থেকে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রওশনের বাসার কাছে অবস্থান করা সংবাদকর্মীরা সংবাদ সম্মেলন হবে কিনা জানতে চাইলে বাসার কর্মচারীরা কোনো নির্ভরযোগ্য উত্তর দিতে পারেননি।
মনে করা হচ্ছে, নিজেকে এরশাদের মুখপাত্র দাবি করা ববি হাজ্জাজের সংবাদ সম্মেলনের ঘোষণার পরই মূলত রওশনের সংবাদ সম্মেলন ঝুলে যায়। সন্ধ্যা ৭টার সংবাদ সম্মেলনে রওশন জাপার নির্বাচনে যাওয়ার ঘোষণা দেবেন বলে ইঙ্গিত পাওয়া গেলেও ববি হাজ্জাজ সাফ জানিয়ে দেন, এরশাদ নির্বাচনে যাচ্ছেন না, সুতরাং জাপাও নির্বাচনে যাচ্ছে না। একইসঙ্গে বাতাসে অনেক কথা ভাসবে এবং অনেক বিভ্রান্তি ছড়ানো হবে উল্লেখ করে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, এরশাদ নির্বাচনে যাচ্ছেন না। এ নিয়ে দ্বিধায় ভোগার কোনো কারণ নেই।
এর আগে, বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও জাপার প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বাংলানিউজকে রওশনের সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন, আমরা সম্ভবত নির্বাচনে যাচ্ছি। ম্যাডাম (রওশন) সন্ধ্যা ৭টায় তার বাসায় সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন। রওশনের সঙ্গে বৈঠক শেষে তার বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা হাফিজকে প্রশ্ন করেন, ‘দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে নাকি তাকে বাদ দিয়েই জাপা নির্বাচনে যাবে’? জবাবে হাফিজ বলেন, এটা ম্যাডামই (রওশন) পরিষ্কার করবেন।