শীর্ষবিন্দু নিউজ: সম্মিলিতি সামরিক হাসপাতালে নেয়ার পর থেকে এরশাদের সঙ্গে দলের নেতাদের যোগাযোগ নেই একেবারেই। দু’একজন নেতা হাসপাতালে সাক্ষাৎ করলেও তারা বাইরে কোন কিছু বলছেন না। এতে চেয়ারম্যানের অবস্থান নিয়ে নেতাকর্মীদের কেউ কেউ আছেন অন্ধকারে।
এমন অবস্থায় অনেকটা সরকারের পক্ষে অবস্থান নেয়া রওশন এরশাদ গতকাল দেখা করেছেন পার্টির চেয়ারম্যান এরশাদের সঙ্গে। অনেকের ধারণা তিনি নির্বাচনে থাকতে এরশাদকে অনুরোধ করতে গিয়েছিলেন। দলেও এমন আলোচনা আছে। তবে রওশনের ঘনিষ্ট সূত্র বলছে সাক্ষাতে রওশন নির্বাচন নিয়ে আলোচনার পাশপাশি একটি অনুরোধ নিয়ে গিয়েছিলেন।
তিনি গিয়েছিলেন রংপুর জাপার কমিটি ভেঙে দেয়ার বিষয়ে কথা বলতে। জেলা জাপা সভাপতি মশিউর রহমান রাঙাকে পদে ফিরিয়ে আনার বিষয়ে এরশাদকে অনুরোধ করেছিলেন রওশন। কিন্তু ওই নেতার ওপর ভীষণ ক্ষুদ্ধ এরশাদ রওশনের এ অনুরোধ ফিরিয়ে দিয়েছেন।
জানিয়েছেন, যে রংপুরের মানুষ তাকে অভিভাবকের মতো শ্রদ্ধা করে তাকে জোর করে হাসপাতালে নেয়ার পর সেখানে কোন প্রতিবাদ হয়নি। রাঙা চেয়ারম্যানের নির্দেশ অমান্য করে মনোনয়নপত্র তুলেননি। ভাল সংগঠক যুক্তি দেখিয়ে রওশন রাঙার পদ রক্ষার সুপারিশ করলেও এরশাদ তা ফিরিয়ে দেন।
রাঙাকে সরিয়ে রংপুর জেলা ও মহানগর জাপার আহবায়ক কমিটি করে দিয়েছেন এরশাদ। একইসঙ্গে ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দিয়েছেন। রাঙাকে বাদ দেয়ায় রংপুর জাপার দুই পক্ষের মধ্যে চরম বিরোধী চলছে। মঙ্গলবার এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষও হয়েছে।