শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশ থেকে পাকিস্তানের হাইকমিশন প্রত্যাহার করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনগুলো মশাল মিছিল শেষে সমাবেশ করে এ দাবি জানান। মশাল মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যলয় ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, জাসদ ছাত্রলীগসহ গণজাগণ মঞ্চের নেতারা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার রাত ৯টায় মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করায় পাকিস্তানের আইনসভায় নিন্দা প্রস্তাব ও এ বিষয়ে বিভিন্ন মন্তব্য করার প্রতিবাদে মশাল মিছিলটি টিএসসি থেকে শাহবাগ এবং শাহবাগ থেকে টিএসসিতে এসে শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভকারীরা পাকিস্তানের তিন রাজনীতিক পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান, তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান, ও পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য আকবর খানের কুশপুতুল দাহ করেন।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার চার দশক পরও তারা বাংলাদেশের স্বাধীনতা যেমন মেনে নিতে পারেন নি তেমনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বক্তব্য দিয়ে তারা আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করেছেন। এ বিষয়ে তাদের (পাকিস্তানের) কথা বলার কোনো অধিকার নেই। তাই আমরা অতিসত্ত্বর বাংলাদেশ থেকে পাকিস্তানের হাইকমিশন প্রত্যাহারের দাবি জানাচ্ছি।