সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৩

যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত পুলিশ সুপার

যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত পুলিশ সুপার

শীর্ষবিন্দু নিউজ: এস এ পরিবহনের মালিককে অর্থ আদায়ের জন্য আটকে রাখার অভিযোগে এক মামলায় এক পুলিশ সুপারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোতাহার হোসেন বৃহস্পতিবার ১০ বছর আগে দায়ের হওয়া এ মামলার রায় ঘোষণা করেন। আসামি মোস্তফা কামালকে কারাদণ্ডের পাশাপাশি ৩০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

এস এ পরিবহনের মালিক সালাহউদ্দিন আহমেদকে অবৈধভাবে আটক করে ৫০ লাখ টাকা ঘুষ আদায়ের চেষ্টার অভিযোগে ২০০৩ সালের নভেম্বরে এই মামলা দায়ের করা হয়। ওই ঘটনার সময় রেল পুলিশের কর্মকর্তা মোস্তফা কামাল হবিগঞ্জে দায়িত্বরত ছিলেন। সরকারি কর্মচারী হয়েও বিশ্বাসভঙ্গের দায়ের তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুর্নীতির দায়ে পাঁচ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০০২ সালের ২২ ডিসেম্বর সালাহউদ্দিন আহমেদ ২০ লাখ টাকা নিয়ে সিলেটে যাওয়ার পথে হবিগঞ্জের মাধবপুরে পুলিশ তল্লাশির নামে তাকে আটক করে। মুদ্রা পাচার, মাদক এবং নারী নির্যাতন আইনে তিনটি মামলা করা হয় তার বিরুদ্ধে। পরে তাকে আসামিরা বলে, ৫০ লাখ টাকা দিলে এসব মামলা থেকে তাকে অব্যাহতি দেয়া হবে। ২০১০ সালের এপ্রিলে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। যুক্তিতর্কের শুনানি শেষে গত ৩ ডিসেম্বর মামলাটি রায়ের পর্যায়ে আসে।

রেল পুলিশের পুলিশ সুপার মোস্তফা কামাল সৈয়দপুরে দায়িত্ব পালন করে আসছিলেন। মামলার আরেকটি ধারায় তাকে আরো পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন বিচারক। অর্থাৎ তাকে মোট ৩৫ বছর সাজা খাটতে হবে। মামলার আরেক আসামি পুলিশের অবসরপ্রাপ্ত উপ পরিদর্শক ওয়াহেদ মিয়াকে বেকসুর খালাস দেয়া হয়েছে। মামলার দুই আসামিই জামিনে ছিলেন। রায়ের পর আদালত মোস্তফা কামালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026