শীর্ষবিন্দু নিউজ: লন্ডনের অ্যাপোলো থিয়েটারের ছাদ ধসে অন্তত ৭৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বিবিসি।
বৃহস্পতিবার রাতে যখন এই দুর্ঘটনা ঘটে, তখন সেখানে নেক্সাস থিয়েটার দলের ‘দ্য কিউরিয়াস ইনসিডেন্ট অব দ্য ডগ ইন দ্য নাইট-টাইম’ নাটকের মঞ্চায়ন চলছিল; হলে ছিলেন ৭২০ জন দর্শক। অ্যাপোলো হলের মালিক এ দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক ও হতাশাজনক’ হিসাবে বর্ণনা করেছেন। ছাদ ধসার কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে বলেও তিনি জানিয়েছেন। আহতদের মধ্যে ৫৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারো জীবনশঙ্কা নেই বলে হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছে।
একজন দর্শক জানান, রাত সোয়া ৮টার দিকে তিনি হঠাৎ ভেঙে পড়ার শব্দ শুনতে পান এবং এর পরপরই একাংশের ছাদ ধসে পড়ে এবং পুরো হল কংক্রিট ও ধুলোবালিতে সয়লাব হয়ে যায়।