মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ ঘোষণার পর মিশরে ব্যাপক ধরপাকড় শুরু

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ ঘোষণার পর মিশরে ব্যাপক ধরপাকড় শুরু

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার একদিন পর মুসলিম ব্রাদারহুডের ওপর চাপ বাড়ানোর পদক্ষেপ নিয়েছে মিশরীয় কর্তৃপক্ষ। সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সংগঠনটির বহু সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষের এসব কার্যক্রম চলার পাশপাশি সড়কে রাজনৈতিক সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে কায়রোর রাস্তায় মুসলিম ব্রাদারহুডের ছাত্র সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাদের সংঘর্ষ হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই ছড়রা গুলিতে একজন নিহত হয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে। তবে নিহতের পরিচয় প্রকাশ করা হয়নি।

সাম্প্রতিক ধারাবাহিক হামলাগুলোর মধ্যে কায়রোর বাসে চালানো বোমা হামলাটি বেসামরিক নাগরিকদের লক্ষ করে চালানো প্রথম হামলা। তবে এ হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি এবং হামলার লক্ষ কী ছিল তাও বোঝা যায়নি। মঙ্গলবার কায়রোর উত্তরের মানসৌরা শহরে পুলিশের একটি থানা লক্ষ করে চালানো বোমা হামলায় ১৬ জন নিহত হন। তার পরদিন বুধবার মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে মিশর সরকার।

এছাড়া একইদিন কায়রোয় একটি বাসে বোমা বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন। ঘটনাস্থলের কাছে আরেকটি বোমা পাওয়া গেলে সেটি নিষ্ক্রিয় করা হয়। দেশটির সেনাপ্রধান আব্দেল ফাত্তা আল সিসি বলেছেন, সন্ত্রাসের মুখে থাকা মিশরের স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।

মুসলিম ব্রাদারহুড থানায় হামলার ঘটনার নিন্দা জানালেও সরকার এ হামলার জন্য ব্রাদারহুডকেই দায়ী করেছে। সন্ত্রাসী সংগঠন ঘোষণার ফলে ব্রাদারহুডের ওপর সরকারি দমনপীড়ন চালানোর ক্ষেত্রটি আরো প্রশস্ত হয়েছে। মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুড গোষ্ঠীর আদর্শ প্রচার, গোষ্ঠীটির লিফলেট ছড়ানো এবং সেনা ও পুলিশের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়ার” অভিযোগ আনা হয়েছে।

ওদিকে, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মিশরের পররাষ্ট্রমন্ত্রীকে ডেকে নিয়ে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা এবং এর নেতাকর্মীদের গ্রেপ্তার ও কারাগারে আটক করে রাখায় “উদ্বেগ” প্রকাশ করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি।

নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার দায়ে দেশব্যাপী মুসলিম ব্রাদারহুডের ৩৮ জন সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হানি আব্দেল লতিফ জানিয়েছেন, এখন থেকে মুসলিম ব্রাদারহুডের প্রতিবাদ কর্মসূচিতে কেউ অংশগ্রহণ করলে তার পাঁচ বছর কারাদণ্ড হতে পারে। যারা সংগঠনটির নেতৃত্ব দেবেন তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হতে পারে, বলেছেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026