শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সহিংসতা বেড়ে যাওয়া পরিপ্রেক্ষিতে ইরাকে তড়িঘড়ি করে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য কয়েক ডজন ‘হেলফায়ার’ মিসাইল পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গত কয়েক সপ্তাহে এসব মিসাইল ইরাকের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামী বছর দেশটিতে স্ক্যান ঈগল ড্রোন পাঠানো হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বুধবার খ্রিস্টীয় বড়দিনের উৎসবে ইরাকের রাজধানী বাগদাদে এক হামলায় অন্ততপক্ষে ৩৪ জন নিহত হওয়ার একদিন পর এসব কথা জানালেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
চলতি বছরে ইরাকের শিয়া প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সরকার ও তার সমর্থকদের ওপর হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত সুন্নি জঙ্গিরা। চলতি বছর এসব হামলায় ৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জাতিসংঘের এক হিসাবে জানানো হয়েছে।
গত সপ্তাহে ৭৫টি হেলফায়ার মিসাইল ইরাকের কাছে হস্তান্তর করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন। নির্ধারিত সময়ের আগেই এগুলো পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। এছাড়া আগামী বছরের মধ্যে ১০টি চালকবিহীন গোয়েন্দা স্ক্যান ঈগল ড্রোন পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, আগামী ২০১৪’র শরতের মধ্যেই ইরাককে প্রতিশ্রুত ১৮টি এফ-১৬ জঙ্গি বিমান পাঠানো শুরু হবে এবং দুই বছরের মধ্যেই পুরো চালানটি পাঠানো শেষ করা হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, জঙ্গি হামলার হুমকি মোকাবেলার সামর্থ্য বাড়াতেই ইরাকে এসব মিসাইল ও ড্রোন পাঠানো হচ্ছে।