বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১২

কী হতে যাচ্ছে রোববার?

কী হতে যাচ্ছে রোববার?

শীর্ষবিন্দু নিউজ: বিএনপিসহ ১৮ দলীয় জোটের রোববারের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিকে ঘিরে নগরবাসীর মধ্যে অজানা শঙ্কার সৃষ্টি হয়েছে। বর্তমান নির্বাচনের তফসিল স্থগিত ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপিসহ ১৮ দলীয় জোটের চলমান আন্দোলনের নতুন কর্মসূচি ‘মার্চ ফর ডেমোক্রেসি’। পঞ্চম দফার টানা অবরোধের শেষ দিন গত মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন ১৮ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া। খালেদার ঘোষণার পরপরই কর্মসূচি সফল করতে ব্যাপক তৎপরতা শুরু করে বিএনপিসহ তার শরিক জামায়াত ইসলামসহ অন্যান্য রাজনৈতিক দল।

একদিকে পুলিশের কর্মসূচির অনুমতি না দেয়া, অন্যদিকে খালেদা জিয়ার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণায় এই শঙ্কা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তাই উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে নগরবাসী। মঙ্গলবারের পর থেকে বিএনপির চেয়ারপার্সন ও ১৮ দলীয় জোট নেত্রী খালেদা জিয়ার বাসভবনের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।  বিরোধী দল নেতার নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা বলা হলেও কার্যত সেখানে কোন নেতাকর্মীকে যেতে দেয়া হচ্ছে না। যারাই যাচ্ছেন তাদের বেশিরভাগকে আটক করা হচ্ছে। এ অবস্থায় বর্তমানে খালেদা জিয়া নেতাকর্মীদের থেকে প্রায় বিচ্ছিন্ন।  নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ এখন মোবাইল ও টেলিফোন কেন্দ্রিক বলে জানিয়েছে বিএনপির সূত্র।

এদিকে বিরোধী দলের এ কর্মসূচিকে সামনে রেখে সরকারের গোয়েন্দা সূত্রগুলো বলছে, চলমান আন্দোলনে রাজধানীর বাইরে বিএনপি জামায়াত যে সহিংসতা চালিয়েছে তাকে পুঁজি করে রাজধানীতে বড় ধরনের নাশকতা ঘটানো হতে পারে। বিশেষ করে জামায়াত শিবির বড় ধরনের নাশকতা চালাবে। কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের প্রতিশোধ, যুদ্ধাপরাধের অভিযোগে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের প্রতিবাদ এবং বর্তমান সরকারের শুরু থেকে কোণঠাসা হয়ে থাকার সর্বোচ্চ জবাব হিসেবে ৫ মে হেফাজতের ন্যায় তাণ্ডব শুরু করতে পারে তারা। আর রাজধানীতে এ ধরনের তাণ্ডবের মূল টার্গেট হবে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থাপনা।

গোয়েন্দাদের আশঙ্কা এদিন বিএনপি জামায়াতের কর্মীরা হেফাজতের মতই রাস্তায় অবস্থান নেবে। পাশাপাশি সরকার পতনের জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে তারা। সেক্ষেত্রে পুরো রাজধানীতেই ছড়িয়ে পড়বে ধ্বংসলীলা। গোয়েন্দাদের এমন প্রতিবেদনের ভিত্তিতেই যৌথ বাহিনীসহ পুলিশ, ডিবি পুলিশ এবং র‌্যাব রাজধানীতে বিশেষ অভিযান শুরু করে। বুধবার রাত থেকে শুরু হওয়া এ অভিযানে গত দুই দিন প্রায় আড়াই শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি বিএনপির প্রথম সারির কয়েকজন নেতাকেও আটক করা হয়েছে।

নাশকতার আশঙ্কার কথা উল্লেখ করে নয়াপল্টনে মার্চ ফর ডেমোক্রেসির গণজমায়েত কর্মসূচির অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) । শুক্রবার দুপুরে বিষয়টি জানানো হয়। ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, নগর ও নগরবাসীর নিরাপত্তার স্বার্থেই ওই দিন গণজমায়েত হতে দেয়া হবে না। পুলিশের এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ গণজমায়েতের চেষ্টা করলে পুলিশ প্রচলিত আইনে ব্যবস্থা নেবে। পুলিশের পক্ষ থেকে এই ঘোষণার পরপরই এক ভিডিও বার্তায় যে কোন মূল্যে এই কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের নির্দেশ দেন খালেদা জিয়া।

সূত্রে জানা গেছে, কর্মসূচি সফল করতে বিএনপি যেমন তাদের নেতাকর্মীদের উজ্জীবিত করছে তেমনি জামায়াতও ভেতরে ভেতরে তাদের প্রস্তুতি নিয়ে রেখেছে। ইতোমধ্যে জামায়াত ও তাদের ছাত্র সংগঠন শিবিরের প্রশিক্ষিত কর্মীদের রাজধানীতে জমায়েত করা হয়েছে। রোববারের কর্মসূচিতে তারা মাঠে থেকে যে কোন প্রতিকূল অবস্থা মোকাবেলা করবে বলে জামায়াত শিবিরের সূত্রগুলো দাবি করেছে।

এদিকে উভয় পক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানের কারণে নগরবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সবার মনেই প্রশ্ন কী হবে রোববার। ইতোমধ্যেই দেশের প্রধান প্রধান সড়ক, নৌপথ দিয়ে যানচলাচল বন্ধ হয়ে গেছে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে কর্মসূচিতে বাধা দেয়ার জন্যই জোরপূর্বক এ অবস্থার সৃষ্টি করেছে সরকার। পুলিশ এবং ১৮ দলীয় জোটের এই রণপ্রস্তুতিতে নগরবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই দিন কি হবে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে।

এ ব্যাপারে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) শাহাবুদ্দিন খান বাংলানিউজকে বলেন, নগরবাসীর নিরাপত্তার স্বার্থে যা যা প্রয়োজন আমরা তাই করবো। পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যদি নাশকতা করে তবে প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। র‌্যাব সদর দফতরের মিডিয়া উইংয়ের পরিচালক এটিএম হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, রাজধানীর নিরাপত্তায় র‌্যাব সদস্যরাও দিন রাত কাজ করে যাচ্ছে। নাশকতাকারীদের গ্রেফতারে পরিচালিত হচ্ছে অভিযান। কেউ যদি নাশকতার চেষ্টা করে তবে র‌্যাবও প্রচলিত আইনে ব্যবস্থা নেবে।l




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026