শীর্ষবিন্দু নিউজ: নিজের বাড়ির ফটকে প্রায় এক ঘণ্টা অপেক্ষার পরও বের হতে না পেরে ক্ষুব্ধ কণ্ঠে কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়ে বাসায় ফিরে গেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। গতকাল রাতভর সেখানে পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখনো অনেকে আছেন।
আজ রোববার বিকেলে গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে শামিল হতে বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। এ সময় নিরাপত্তাকর্মীরা তাঁকে বের হতে না দিলে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। এর আগে বিকেল চারটার দিকে খালেদা জিয়ার বাড়ির প্রধান ফটকটি বন্ধ করে দেওয়া হয়। এরপর তিনি বাড়ির লনে জাতীয় পতাকা হাতে বসে ছিলেন। এর কিছুক্ষণ পরে খালেদা জিয়া বাসার ভেতরে ঢোকেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, গণতন্ত্রের অভিযাত্রা’র যে কর্মসূচি আজ ছিল, তা কাল সোমবারও অব্যাহত থাকবে। এ সময় তিনি বলেন, এই সরকার অবৈধ সরকার, অগতান্ত্রিক সরকার। এই সরকার ক্ষমতাকে কুক্ষিগত করতে সবকিছু করছে। ফটক আগলে থাকা পুলিশের উদ্দেশে বিএনপি চেয়ারপার্সন বলেন, প্রতিদিনি আপনারা এসে বসে থাকবেন গেইটের সামনে। আমিও আসব। চলুক, কতো দিন চলে। বর্তমান সরকারকে অবৈধ ও অগণতান্ত্রিক সরকার আখ্যায়িত করে খালেদা বলেন, সরকারের যদি লজ্জা থাকে তাহলে অবিলম্বে তাদের বিদায় নেয়া উচিৎ।
এদিকে গুলশানের বাসভবনের সামনে পুলিশের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বর্তমানে আট প্লাটুন পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। আরও দুই প্লাটুন পুলিশ মোতায়েনের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির সামনে একটি জলকামানও নেওয়া হয়। এ ছাড়া বাড়ির সামনের রাস্তায় বালুভর্তি তিনটি ট্রাক ও পেছনের রাস্তায় দুটি ট্রাক আড়াআড়িভাবে রেখে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়ির সামনে সাংবাদিকদের যেতে দেওয়া হচ্ছে না।
এদিকে গতকাল খালেদা জিয়ার সরকারি প্রটোকল প্রত্যাহার করা হয়েছে বলে অভিযোগ করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে তিনি এক বিবৃতিতে প্রটোকল ফিরিয়ে দেওয়ার দাবি জানান। তবে পুলিশ বলেছে, বিএনপির চেয়ারপারসনের প্রটোকল প্রত্যাহার হয়নি, কেবল নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিরোধীদলীয় নেত্রী হিসেবে খালেদা জিয়া সরকারি প্রটোকলের আওতায় গাড়ি, নিরাপত্তাসহ আনুষঙ্গিক কিছু সুবিধা পেয়ে থাকেন।
গত মঙ্গলবার খালেদা জিয়া ২৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচির ঘোষণা দেন। এরই অংশ হিসেবে আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার কথা। কিন্তু পুলিশ সমাবেশ করার অনুমতি না দিলেও যেকোনো মূল্যে কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। আর এই কর্মসূচিতে খালেদা জিয়া উপস্থিত থেকে গণতন্ত্রের অভিযাত্রায় নেতৃত্ব দেবেন বলে গতকাল দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ জানান।
[youtube id=”0QFnSiPMRjQ” width=”600″ height=”350″]