শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩২

বিএনপির কর্মীশূন্য নয়াপল্টন: ঝুলছে তালা কার্যালয়ে

বিএনপির কর্মীশূন্য নয়াপল্টন: ঝুলছে তালা কার্যালয়ে

শীর্ষবিন্দু নিউজ: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় আজ রোববার শেষ খবর পাওয়া পর্যন্ত জোটের নেতা-কর্মীদের দেখা যায়নি। কার্যালয়ের ভেতরে কাউকে ঢুকতে দেখা যায়নি। কার্যালয়ের আশপাশে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।

কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকা ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যেতে সড়কের দুই প্রান্তে ব্যারিকেড দেওয়া হয়েছে। নয়াপল্টনে ঢোকার সব পথে অবস্থান নিয়েছে পুলিশ। আশপাশের সব গলিতেও ব্যারিকেড দেওয়া হয়েছে। সে সব জায়গায় অবস্থান নিয়েছে পুলিশ। ওই এলাকার সব দোকানপাট বন্ধ রয়েছে। সাধারণ মানুষ এসব এলাকা দিয়ে হেঁটে পার হতে পারছেন। তবে সবাইকে তল্লাশি করা হচ্ছে। কাউকে কোনো স্থানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। পরিচয় নিশ্চিত হওয়ার পর গাড়ি নিয়ে গণমাধ্যমকর্মীদের ওই এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অন্য কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বেলা ১১টার দিকে হঠাত্ করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে আটক হন জাতীয়তাবাদী মহিলা দলের তিন নেতা-কর্মী। নয়াপল্টনে আজ সকাল ১০টা থেকে ১১টার মধ্যে যেকোনো মূল্যে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। তবে বেলা সাড়ে তিনটা পর্যন্ত কোনো সমাবেশের প্রস্তুতি চোখে পড়েনি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটক ভেতর থেকে তালা দেওয়া অবস্থায় দেখা গেছে। কার্যালয়ের সামনে একটি জলকামান ও একটি প্রিজনভ্যান রাখা হয়েছে। কার্যালয়ের সামনে পুলিশের সদস্যরা অবস্থান করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ ভোর থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় ১৮-দলীয় জোটের কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। সেখানে সমাবেশ অনুষ্ঠানের কোনো প্রস্তুতি নেই। নেই কোনো মঞ্চ বা মাইক। তবে বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের তিন নেতা-কর্মী আসেন। সঙ্গে সঙ্গে তাঁদের আটক করে পুলিশ। তাঁরা হলেন সাবেক সাংসদ রওশন আরা ফরিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সাদিয়া হক ও জান্নাতুল ফেরদৌস। সকাল ১০টার দিকে নাইটিঙ্গেল মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার অভিযোগে আবু তাহের ও ইসমাইল নামের দুজনকে আটক করেছে পুলিশ।

সপ্তাহে দু-এক দিনের বিরতি দিয়ে এক মাসের সহিংস অবরোধ শেষে ঢাকায় গণতন্ত্রের অভিযাত্রার ডাক দিয়েছিল বিএনপি। সারা দেশ থেকে এসে আজ সেই অভিযাত্রার শেষ গন্তব্য হওয়ার কথা ছিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। কিন্তু এই অভিযাত্রা মোকাবিলা করতে গিয়ে গত দুই দিন সরকারই সড়ক, রেল ও নৌপথ কার্যত অবরোধ করে ফেলে।

বিরোধী জোটের টানা অবরোধের পীড়িত, আতঙ্কিত জনগণ গত দুই দিনে আবার চরম বিড়ম্বনার শিকার হয়। এর সঙ্গে দেশব্যাপী ধরপাকড়, ঢাকায় আগেই বিরোধী দলের কর্মীরা পৌঁছে যাওয়ার আতঙ্কে শহরজুড়ে তল্লাশি এবং অভিযাত্রাকারীদের সম্ভাব্য ‘প্রতিক্রিয়া’ নিয়ে উদ্বিগ্ন-উত্কণ্ঠিত মানুষ। গত তিন দিনে সারা দেশে এক হাজারের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের অধিকাংশ বিএনপি-জামায়াতের কর্মী।

আগামী ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে আজকের মার্চ ফর ডেমোক্রেসি বা গণতন্ত্রের অভিযাত্রা। বিএনপি জানিয়েছে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে আজ সকাল ১০টা থেকে ১১টার মধ্যে পল্টনমুখী অভিযাত্রা হবেই। এমন বক্তব্য, ভিডিওবার্তা, সংবাদ বিজ্ঞপ্তির বাইরে এই কর্মসূচি সফল করতে আর কোনো দৃশ্যমান তত্পরতা চালাতে পারেনি বা দেখা যায়নি বিএনপি-জামায়াত জোটের। গত মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণার পর দৃশ্যমান সব প্রস্তুতি ছিল মূলত পুলিশের এবং তা এই অভিযাত্রা ঠেকানোর জন্য।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026