শীর্ষবিন্দু নিউজ: দেশে একতরফা নির্বাচন বর্জনের ডাক দিয়ে ভোটের আগের দিন থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ওসমান ফারুক শুক্রবার বিকালে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।
অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল ডেকেছে ১৮ দলীয় নেতৃাত্বাধীন প্রধান বিরোধী দল বিএনপি। আজ ভোর ৬টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত চলবে এ হরতাল। ৫ই জানুয়ারির নির্বাচন বন্ধ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ হরতাল ডেকেছে বিরোধী জোট। একইসঙ্গে ১৮ দলের অনির্দিষ্টকালের অবরোধও চলবে।
গতকাল বিকালে অনির্দিষ্টকালের অবরোধের তৃতীয় দিনের চিত্র তুলে ধরতে গুলশানের নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, সরকারের নীলনকশার নির্বাচন প্রতিহত করতে সারাদেশে শান্তিপূর্ণভাবে এ হরতাল পালিত হবে। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, একতরফা নির্বাচন বাতিল, সুপ্রিম কোর্টে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে শনি ও রোববার হরতাল ডেকেছে কক্সবাজার, রাজশাহী ও সিরাজগঞ্জ জেলা বিএনপি।
ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ১২টি দলের অংশগ্রহণে রোববার দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে। তবে বিএনপি নেতৃত্বাধীন জোটের বর্জনের কারণে ১৫৩টি আসনে প্রার্থীরা ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ঘোষিত তফসিল স্থগিত ও নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে পাঁচ দফা অবরোধ কর্মসূচি পালন করে ১৮ দলীয় জোট, যাতে নিহত হয়েছে শতাধিক মানুষ।
সর্বশেষ ১ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ শুরু করেছে বিরোধী দলীয় জোট, যাতে যানবাহনে পেট্রোল বোমা ছোড়ার পাশাপাশি ভোটকেন্দ্র পুড়িয়ে দেয়ার মতো ঘটনাও ঘটেছে।