শীর্ষবিন্দু নিউজ: প্রহসনমূলক দশম জাতীয় সংসদ নির্বাচন দেশের জনগণ প্রত্যাখ্যান করার মাধ্যমে সরকারের পরাজয় নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে প্রহসনের নির্বাচন বন্ধে চলমান গণ-আন্দোলনকে সমর্থন ও সাফল্যমণ্ডিত করায় দেশবাসী এবং ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন তিনি। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে বলেন, অর্থহীন, হাস্যকর ও সবার কাছে অগ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকার দেশবাসীর কাছে ধিক্কৃত হয়েছে। বিরোধীদলীয় শীর্ষস্থানীয় এবং ১৮-দলীয় জোটের হাজারো নেতা-কর্মীকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে জেলে রাখা হয়েছে। আজকের ভোটারবিহীন একদলীয় ভাগাভাগির নির্বাচনী প্রহসনের নাটক মঞ্চায়ন জাতির কাছে এক কলঙ্কময় অধ্যায় হিসেবে পরিগণিত হয়ে থাকবে।
মির্জা আলমগীর বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান আন্দোলনকে দাবিয়ে দিতে সরকার দেশব্যাপী যৌথ বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে খালেদা জিয়াকে গৃহবন্দী এবং দেশব্যাপী নিষ্ঠুর ও অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। এজন্য জাতি আওয়ামী সরকারের ঘৃণ্য তাণ্ডবের প্রতি বীতশ্রদ্ধ। সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়ভাবে ব্যবহার এবং প্রশাসনযন্ত্রকে ইচ্ছামতো সাজিয়ে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকার বাসনা করেছিল; কিন্তু একদলীয় নির্বাচনকে স্বতঃস্ফূর্তভাবে ‘না’ বলার মাধ্যমে জনগণ প্রত্যাখ্যান করেছে। ভোটারের উপস্থিতিবিহীন ভোটকেন্দ্রগুলোর প্রকৃত তথ্যচিত্র ইতিমধ্যেই দেশবাসীসহ গোটা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। আজকে নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে গিয়ে বর্তমান সরকার এখন যে নিজেদের অস্তিত্ব নিয়ে দ্বিধাগ্রস্ত, তা দেশবাসী ভালোভাবেই বুঝতে সক্ষম।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব গণতান্ত্রিক আন্দোলনকে বিজয়ের পথে নিয়ে যেতে খালেদা জিয়ার ডাকে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আজকের বিতর্কিত দশম সংসদ নির্বাচনকে দেশবাসী অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন তিনি।