রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫৩

দশম সংসদ নির্বাচনের গেজেট প্রকাশ

দশম সংসদ নির্বাচনের গেজেট প্রকাশ

শীর্ষবিন্দু নিউজ: দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নামের গেজেট আজ বুধবার প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গেজেটে ২৯০ জনের নাম প্রকাশ করা হয়েছে।

আটটি আসনে নির্বাচন বাকি থাকায় এবং যশোরের দুই এমপির প্রার্থীতা চ্যালেঞ্জ হওয়ায় ২৯০টি আসনের গেজেট প্রকাশ হয়েছে আজ। সকালে সব প্রস্তুতি শেষে গেজেট বিজি প্রেসে পাঠানো হয়। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে এমপিদের শপথ নেয়ার বিধান রয়েছে। তবে ২৪শে জানুয়ারির আগে নব নির্বাচিত এমপিরা শপথ নিলে জাতীয় সংসদের এমপির সংখ্যা দাঁড়াবে ৬০০তে। যা সাংবিধানিক জটিলতার সৃষ্টি করতে পারে। এ কারণে এমপিদের শপথ নেয়ার আগে নবম সংসদ ভেঙে দেয়া হতে পারে।

নির্বাচনে বিজয়ী হলেও যশোর-১ আসনে শেখ আফিলউদ্দিন ও যশোর-২ আসনে মনিরুল ইসলামের নাম বাদ রাখা হয়েছে। এই দুই সাংসদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠায় তাঁদের নাম বাদ রাখা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গেজেট প্রকাশের জন্য নামের তালিকা কিছুক্ষণের মধ্যেই বিজি প্রেসে পাঠানো হবে। দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৪৭টিতে ৫ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৮টি আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। বাকি ১৫৩টি আসনের প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ ২৩২টি, জাতীয় পার্টি ৩৩টি, ওয়ার্কার্স পার্টি ৬টি, জাসদ ৫টি, জেপি ১টি, তরীকত ফেডারেশন ১টি, বিএনএফ ১টি, এবং স্বতন্ত্র/বিদ্রোহী প্রার্থীরা ১৩টি আসনে জয়ী হয়েছে।

নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে মঙ্গলবার রাত থেকে ইসির কর্মকর্তারা একটানা কাজ করে গেজেট প্রস্তুত করেন। এরপর বুধবার সকালে তা প্রেসে পাঠানো হয়। ইসি সূত্র জানিয়েছে এমপিরা শপথ নেয়ার পর সরকার গঠন প্রতিক্রিয়ায় কোন সমস্যা হবে না। যে আটটি আসনে ১৬ই জানুয়ারি নির্বাচন হবে তার গেজেট পরে প্রকাশিত হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026