শীর্ষবিন্দু নিউজ: রাজধানীর উত্তরায় অবস্থিত আশিয়ান সিটি প্রকল্প অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এ রায় দেন।
রায়ের পর রিট আবেদনকারীদের আইনজীবী ইকবাল কবির প্রথম আলোকে বলেন, আদালত আশিয়ান সিটি প্রকল্পটি অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। এতে এ প্রকল্পের কার্যক্রম স্থগিত থাকবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ২০০৬ সালে উত্তরার উত্তরখান ও দক্ষিণখান এলাকায় আশিয়ান সিটি প্রকল্পের কাজ শুরু করে। প্রকল্পের জন্য যে পরিমাণ জায়গা প্রয়োজন, তার চেয়ে বেশি জমি নিয়ে কার্যক্রম শুরু করা ও অনুমোদন না নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে আইন ও সালিশ কেন্দ্র, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ, নিজেরা করি ও পরিবেশ বাঁচাও আন্দোলন ২০১২ সালের ২২ ডিসেম্বর রিট করে।
রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ২ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারি করেন। একই সঙ্গে আশিয়ান সিটি আবাসন প্রকল্পের মাটি ভরাট, বিজ্ঞাপন প্রচার ও প্লট বিক্রি বন্ধে ব্যবস্থা নিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ (রাজউক) বিবাদীদের নির্দেশ দেন আদালত। হাইকোর্টের এ আদেশে স্থগিতাদেশ চেয়ে আশিয়ান সিটি কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে একই বছরের ৪ ফেব্রুয়ারি আপিল বিভাগ স্থগিতাদেশের জন্য করা আবেদন নিষ্পত্তি করে হাইকোর্টে রুল শুনানি করতে পক্ষগণকে নির্দেশ দেন।
হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রুলের ওপর শুনানি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি অন্য বেঞ্চে পাঠাতে ২০১৩ সালের ২৯ মে প্রধান বিচারপতির কাছে আবেদন করে রিট আবেদনকারী পক্ষ। ১৩ জুন প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হকের নেতৃত্বে বৃহত্তর বেঞ্চ গঠন করে দেন। বেঞ্চ রায়ের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখেন। আজ আদালত রায় দেন।
রিটের পক্ষে ফিদা এম কামাল ও ইকবাল কবির শুনানি করেন। আশিয়ান সিটির পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান। রাজউকের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।