রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫২

উচ্চ ব্যয় পরিহারে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক

উচ্চ ব্যয় পরিহারে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক

শীর্ষবিন্দু নিউজ: ব্যাংক কোম্পানির অর্থে পর্ষদ চেয়ারম্যান, প্রধান নির্বাহী ও অন্যান্য পদস্থ কর্মকর্তাদের জন্য বিলাসবহুল গাড়ি ক্রয় নিরুৎসাহিত করতে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে উচ্চ ব্যয়ের লাগাম টানতে ব্যাংক শাখার চাকচিক্যপূর্ণ সাজসজ্জায় ব্যয় কমিয়ে আনারও নির্দেশ দেয়া হয়েছে।

গতকাল কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সমপ্রতি কোন কোন ব্যাংকে নানাবিধ উচ্চ ব্যয় নির্বাহের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া, ব্যাংক-কোম্পানির অর্থে পর্ষদ চেয়ারম্যান, প্রধান নির্বাহী ও অন্যান্য পদস্থ কর্মকর্তাদের জন্য বিলাসবহুল মোটরগাড়ি ক্রয় এবং ব্যাংক শাখার চাকচিক্যপূর্ণ সাজসজ্জায় উচ্চ অংকের ব্যয় সম্পর্কে ইতিমধ্যে সাধারণের বিরূপ মন্তব্য আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই প্রবণতা নিরুৎসাহিত করার লক্ষ্যে ৫০ লাখ টাকার অধিক মূল্যে মোটরকার কেনা যাবে না।

অবশ্য প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে জিপ কিনলে এ পরিমাণ সর্বোচ্চ এক কোটি টাকা করা হয়েছে। আগে মোটরকারের জন্য সর্বোচ্চ ৩৫ লাখ এবং জিপের জন্য সর্বোচ্চ ৮৫ লাখ টাকা খরচ করা যেত। এছাড়া, অন্য কোন ব্যাংক-কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের নিকট হতে লিজ ফাইন্যান্সিং সুবিধা গ্রহণ করেও কোন মোটরগাড়ি সংগ্রহ করা যাবে না। তবে ব্যাংক-কোম্পানির রেমিট্যান্স বহনের কাজে বিভিন্ন নিরাপত্তা সংস্থা কর্তৃক ব্যবহৃত নিরাপত্তা-যানবাহনের অনুরূপ গাড়ি ক্রয় করা যাবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংক-কোম্পানির অর্থে ক্রয়কৃত মোটরযান বহরে যানবাহনের সংখ্যার প্রবৃদ্ধি ব্যাংকের জনবল ও অফিস শাখার সমপ্রসারণের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে।

এ খাতে ব্যয়ের বার্ষিক প্রবৃদ্ধি শতকরা ১০ ভাগের মধ্যে সীমিত রাখতে হবে। সাধারণভাবে পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর জন্য সার্বক্ষণিক গাড়িসহ সকল যানবাহন অন্তত ৫ বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য হবে। ব্যাংকের মোটরযান বহরের ব্যবহার ও পরিচালনা ব্যয়ের তথ্য ষান্মাসিকভাবে পরিচালনা পর্ষদের সভায় এবং প্রত্যেক বার্ষিক সাধারণ সভায় অবগতি ও পর্যালোচনার জন্য উপস্থাপন করতে হবে। প্রজ্ঞাপনে সাজসজ্জার বিষয়ে বলা হয়েছে, এখন থেকে নতুন শাখা স্থাপন বা বিদ্যমান শাখা স্থানান্তরের ক্ষেত্রে শহর শাখার জন্য ৫ হাজার বর্গফুট ও পল্লী শাখার জন্য ২ হাজার বর্গফুটের অধিক ফ্লোর স্পেস ব্যবহার করা যাবে না।

আইটি সরঞ্জাম ব্যতীত অন্যান্য খাতে (ভল্ট স্থাপন, ইন্টেরিয়র ডেকোরেশন, অফিস ফার্নিচার, ইলেকট্রিক-ইলেকট্রনিক ইত্যাদি) নতুন শাখা স্থাপনের ক্ষেত্রে প্রতি বর্গফুটের জন্য  এক হাজার ৫০০ টাকার অধিক ব্যয় করা যাবে না এবং বিদ্যমান শাখা স্থানাস্তরের ক্ষেত্রে প্রতি বর্গফুটের জন্য এক হাজার টাকার অধিক ব্যয় করা যাবে না। আইটি সরঞ্জাম বাবদ ব্যয়ও যুক্তিসঙ্গত পর্যায়ে রাখতে হবে। তবে আসবাবাদি ও অন্যান্য সরঞ্জামে বিলাসিতা বা চাকচিক্যের পরিবর্তে মৌলিক প্রয়োজনের প্রেক্ষিতে পর্যাপ্ত গুণগত মান ও টেকসই হওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026