শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দিকে তির্যক বাক্যবাণ ছুড়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে। আজ বুধবার তিনি কেজরিওয়ালকে পাগল মুখ্যমন্ত্রী আখ্যা দিয়েছেন।
সিন্ধে বলেছেন, দাবি আদায়ে কেজরিওয়াল রাস্তায় অবস্থান করায় তাঁকে (সিন্ধে) পুলিশের ছুটি বাতিল করতে হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাস্তায় অবস্থান কর্মসূচির ইস্তফা দেন দিল্লির মুখ্যমন্ত্রী।
মহারাষ্ট্রের হিঙ্গোলিতে এক বৈঠকে বক্তব্যের সময় সিন্ধে পুলিশ হিসেবে দায়িত্ব পালনের সময়কার স্মৃতিচারণা করে বলেন, বিয়ের পর খেরওয়ারিতে দাঙ্গার কারণে আমার ছুটি বাতিল করা হয়েছিল। এখন পাগল একজন মুখ্যমন্ত্রীর ধরনার (অবস্থান কর্মসূচি) কারণে দিল্লির পুলিশের ছুটি বাতিল করতে হচ্ছে আমাকে।
এর আগে দিল্লি পুলিশের দায়িত্ব দিল্লি সরকারের অধীনে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছিলেন কেজরিওয়াল। সম্প্রতি শহরটিতে নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে এ কর্মসূচি নেন কেজরিওয়াল। তবে দিল্লি পুলিশের বাধার মুখে কেজরিওয়ালসহ তাঁর সমর্থকেরা রেল ভবনের পাশে অবস্থান নেন। সেখানে তাঁদের চারপাশ ঘিরে রাখেন পুলিশের সদস্যরা। গতকাল পুলিশের দুই সদস্যকে ছুটিতে পাঠানোর পর দিল্লির মুখ্যমন্ত্রী তাঁর অবস্থান কর্মসূচি ছেড়ে দেন।