শীর্ষবিন্দু নিউজ: তাবলীগ জামায়াতের শীর্ষ মুরুব্বিদের বয়ান শুনে, ইবাদত-বন্দেগি আর জিকির-আজকারের মধ্য দিয়ে ইজতেমা ময়দানে দেশী-বিদেশী লাখো লাখো মুসল্লি সময় পার করছেন। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আজ শনিবার উনপঞ্চাশতম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। আজ ফযরের নামাজের পর উর্দু ভাষায় বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা হাজী আব্দুল ওয়াহাব। আর তার তরজমা করেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক।
দেশের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এখনো আসছেন ইজতেমা ময়দানে। বিদেশী মুসুল্লিরাও আসছেন। তাদের আসা অব্যাহত থকাবে আখেরী মোনাজাতের আগ পর্যন্ত। আগামীকাল রোববার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে ৪৯তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
ইজতেমার নিয়ম অনুযায়ি প্রতিদিন চার ওয়াক্ত নামাজ শেষে বয়ান করা হয় বিশ্ব ইজতেমার মূল মিম্বর বা উঁচু বয়ান মঞ্চ থেকে। তবে মাইকে প্রচার করা হয় না বয়ানকারী আলেম ওলামাদের নাম-পরিচয়। ইশার নামাজের পর বয়ান করা হয়না। ইজতেমার তিনদিনের নানা কর্মসূচির মধ্যে রয়েছে যৌতুক বিহীন বিয়ে। আজ আসরের নামাজের পর বিয়ে পড়াবেন তাবলীগের শীর্ষ মুরুব্বী দিল্লীর মাওলানা যোবায়রুল হাসান।
এবার কমপক্ষে ৬০ বর-কনের নাম তালিকাভুক্তি হয়েছে বিয়ের জন্য। এদিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ও বার্ধক্য জনিত কারনে ইজতেমা ময়দানে তিন মুসুল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন, কুষ্টিয়ার দৌলতপুরের জিহাদ আলী (৬০) ও ময়মনসিংহ জেলার গফরগাওয়ের মো. শামসুদ্দিন (৬০)। আর একজনের নাম জানা যায়নি। এছাড়া রান্না করার সময় সিলিন্ডার ফেটে ইজতেমার দশ নম্বর খিত্তায় থাকা একজন মুসল্লি জখম হয়েছেন।