শীর্ষবিন্দু নিউজ: সরকারি সুযোগ-সুবিধা নিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না বলে নির্বাহী আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। বুধবার স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে জারি করা এ আদেশে বলা হয়, বর্ণিত আদেশ পালনে ব্যর্থ হলে বা শৈথিল্য প্রদর্শন করা হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ১৯ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সরকার বিভাগ এ আদেশ জারি করলো।
প্রথম পর্যায়ে ১০২টি উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে। স্থানীয় সরকার বিভাগের আদেশে বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোন অফিস, যানবাহন এবং অন্যান্য সম্পত্তি প্রার্থীর নির্বাচনের কাজে কোনভাবেই ব্যবহার করা যাবে না। মাশুল পরিশোধ করেও ব্যক্তিগত কাজে কোন যানবাহন ব্যবহারের অনুমতি দেওয়া যাবে না।
ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদসমূহ এমন কোন উন্নয়ণ স্কিম গ্রহণ ও বাস্তবায়ন করবে না, যা উপজেলা পরিষদের নির্বাচনে কোন প্রার্থীর ভোট প্রাপ্তিতে বা প্রচারণার পক্ষে ব্যবহৃত হতে পারে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুদান বা অনুদানের প্রতিশ্রুতি দিতে পারবে না, যা কোন প্রার্থীর ভোট প্রাপ্তি বা প্রচারণার কাজে প্রভাব বিস্তার করবে। ভোটকেন্দ্র নির্মাণসহ নির্বাচনী সংশ্লিষ্ট অন্যান্য সকল কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহায়তা করবে জানিয়ে আদেশে বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ কোন প্রার্থীর নির্বাচনী কাজে বা প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিগণ তাদের পদ মর্যাদা, সরকারি সুযোগ-সুবিধা কোন প্রার্থীর নির্বাচনী কাজে ব্যবহার করতে পারবে না বলেও আদেশে জানানো হয়েছে।
এছাড়া নির্বাচন কমিশনের আদেশ প্রতিপালন, সংশ্লিষ্ট এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা, নির্বাচনী সভা-সমাবেশ শান্তিপূর্ণ অনুষ্ঠান এবং কোন নির্বাচনী অফিস বা প্রতীক বা পোস্টার নষ্ট করার যে কোন প্রচেষ্টা রোধে সামাজিক প্রতিরোধ গঠনে সহায়তার নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশে আরো বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ এ আদেশ পালনে ব্যর্থ বা পালনে শৈথিল্য প্রদর্শন করলে কিংবা অবহেলা করলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংশ্লিষ্ট অধ্যাদেশ/আইন/বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আদেশ জারির তারিখ থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়।