মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২৫

নির্দেশ মানছে না তৃণমূল: বড় দু’দলেই একাধিক প্রার্থী

নির্দেশ মানছে না তৃণমূল: বড় দু’দলেই একাধিক প্রার্থী

নিউজ ডেস্ক: দলীয় কোন্দল মিটিয়ে সব উপজেলায় একক প্রার্থী দিতে পারেনি প্রধান দু’দল আওয়ামী লীগ ও বিএনপি। এক-তৃতীয়াংশ উপজেলায় আগেই নির্ধারণ হয়ে গিয়েছিল একক প্রার্থী। গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কয়েকটি উপজেলায় বিদ্রোহী প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। কিন্তু সমঝোতা না হওয়ায় অনেক উপজেলায় প্রার্থিতা প্রত্যাহার করেননি দু’দলের বিদ্রোহীরা।

বেশির ভাগ উপজেলায় দু’দলে রয়েছেন একাধিক প্রার্থী। একক প্রার্থী ঠিক করতে আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা চেষ্টা চালালেও অনেক উপজেলায় তাদের নির্দেশ মানছেন না বিদ্রোহী প্রার্থীরা। এদিকে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, শেষ দিনে ৪০৫ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩ জন ভাইস চেয়ারম্যান।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাই নবাবগঞ্জের নাচোলে উপজেলা পরিষদ নির্বাচনে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন- উপজেলা চেয়ারম্যান পদে আবু রেজা মোস্তফা কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সখিনা খাতুন ও নাজরিন আক্তার। বর্তমানে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল কাদের (আওয়ামী লীগ), এম মজিদুল হক (বিএনপি), সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট সিরাজুল ইসলাম (জামায়াত) এবং সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের। ভাইস চেয়ারম্যান পদে মজিবুর রহমান (আওয়ামী লীগ), দুরুল হোদা (বিএনপি), ইয়াকুব আলী (জামায়াত), আসলাম হোসেন (স্বতন্ত্র) ও সাবেক ছাত্রনেতা সফিকুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা খাতুন (জামায়াত), প্রতিমা রানী (আওয়ামী লীগ), রাশেদা বেগম (বিএনপি) ও নাজমা বেগম (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে জানান, উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রংপুর মিঠাপুকুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসরিন দিলারা আফরোজ পল্লবী। গতকাল উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি কয়েক শ’ সমর্থক নিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন। এদিকে মিঠাপুকুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দু’জন, বিএনপির দু’জন, জাতীয় পার্টির দু’জন ও জামায়াতের একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনের শেষ দিনেও কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে আগামী ১৯শে ফেব্রুয়ারি নির্বাচনে লড়বেন চেয়ারম্যান ৬, ভাইস চেয়ারম্যান ৩, মহিলা ভাইস চেয়ারম্যান ৫ সহ মোট ১৪ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে কুষ্টিয়া জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র এড. তৌহিদুল ইসলাম আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহজাহান আলী, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহিরচর ইউপির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা ও বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সোলাইমান হোসেন চিশতি, কুষ্টিয়া জেলা জাসদ (ইনু)-এর সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রাজ্জাকের পুত্র ও বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান সোহেল রানা পবনের ছোট ভাই স্বতন্ত্র প্রার্থী রুবেল মাহমুদ রতন।

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার আশাশুনি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিলেও শেষ দিনে ৪ জন প্রত্যাহার করেছেন। এখন নির্বাচনী মাঠে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম মোস্তাকিম, উপজেলা বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট সাবেক এমপি স ম সালাহ উদ্দিন, জামায়াতের সাবেক এমপি মাওলানা বিয়াছাদ আলীর পুত্র জামায়াত নেতা নূ.আ.ম. মুর্তাজা আলী, স্বতন্ত্র সরদার হাফিজুর রহমান।

স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, শেষ দিনে দিনাজপুরের দু’টি উপজেলার মধ্যে একটি কাহারোলে ৩ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ ছাড়া খানসামা উপজেলায় কেউ প্রত্যাহার করেননি মনোনয়নপত্র। কাহারোলের চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. শরীফ উদ্দীন, সাবেক প্রধান শিক্ষক ও জেলা কৃষক লীগের সহসভাপতি গোপেশ চন্দ্র রায়, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ চৌধুরী (মামুন)। খানসামা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ২ জন আওয়ামী লীগ, ২ জন বিএনপি ও ১ জন জাসদ সমর্থিত।

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে জানান, কুড়িগ্রামের ৩টি উপজেলায় ১০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতায় করছেন। শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন উলিপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আবু সাঈদ সরকার ও সাজেদুর রহমান তালুকদার, জামায়াতের আবদুল দুদ্দুছ। একই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আবদুর রশিদ ও মমিনুল হক মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ভুরুঙ্গামারী উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির আবদুল ওয়াদুদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছিয়া খাতুন ও নাজমা আক্তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফুলবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের হারুনুর রশিদ ও ভাইস চেয়ারম্যান পদে আইনুল হক মনোনয়ন প্রত্যাহার করেছেন।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, শেষ দিনে মানিকগঞ্জের চারটি উপজেলায় চেয়ারম্যান পদে ২৭ জনের মধ্যে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তিনটি উপজেলায় বিএনপি একক প্রার্থী থাকলেও সিংগাইরে বিএনপির দু’জন প্রার্থী রয়েছেন।

দৌলতপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবদুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান, উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রেজাউল করিম রেজা, সাহাজুদ্দিন ফকির ও রেজাউল করিম। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজা ও আওয়ামী লীগ সমর্থিত স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম রাজা।
শিবালয় উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান আবদুর রহিম খান, জাতীয় পার্টির নেতা আলী আকবর ও বিএনপি সমর্থিত মীর আবদুল বাতেন।

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, শেষ দিনে কোটচাঁদপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কায়দার রহমান, হুমায়ূন কবির লতা, রবিউল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজ হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর ফলে আওয়ামী লীগ, জামায়াত ও বিএনপির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদ ৩টিতে একক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নাটোর প্রতিনিধি জানান, শেষ দিনে নাটোরের সিংড়ায় তিন চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন- চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগ নেতা এড. আসাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক কলম ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক ও বিকল্পধারার শিক্ষাবিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খোকন। এ ছাড়া প্রত্যাহারকৃত মহিলা ভাইস চেয়ারম্যান হলেন রাহিমা বেগম।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ার সদর উপজেলা ও ভেড়ামারায় আওয়ামী লীগের একক প্রার্থী নির্বাচনে লড়লেও জামায়াতসহ বিএনপির একাধিক প্রার্থী রয়ে গেছেন। শেষ দিন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র তুলে নেন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করেছেন ৩ জন। চেয়ারম্যান পদে নির্বাচন করবেন আওয়ামী লীগের ১ জন, বিএনপির ২ জন ও জামায়াতের ১ জন।

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, শেষ দিনে কুলাউড়া উপজেলা নির্বাচনে ৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তারা হলেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা এ কে এম সফি আহমদ সলমান, ভাইস চেয়ারম্যান পদে জয়নুল ইসলাম জুনেদ, এম এ মজিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা আক্তার সাকী।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে একক প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। করিমগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে রয়েছেন আওয়ামী লীগের নাসিরুল ইসলাম খান আওলাদ, বিএনপির জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুমন। শেষ দিনে এ উপজেলায় এডভোকেট আবুল বাশার ও এডভোকেট শওকত কবীর খোকন এ দু’জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। নিকলী উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম। তবে দলের বিদ্রোহী হিসেবে এডভোকেট আসাদুল হক লিটন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে এ উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী বাজিতপুর-নিকলী আসনের জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল মোমেন মিঠু। তবে দলের বিদ্রোহী হিসেবে মো. আবু সাঈদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া এ উপজেলায় নির্দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জারইতলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রইস উদ্দিন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এ উপজেলায় দলীয় প্রার্থিতার সমর্থনে দুই বিএনপি নেতা শফিকুল আলম রাজন ও ডা. কফিল উদ্দিন আহম্মদ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
বাজিতপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা মো. সারোয়ার আলম তৎপরতা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে এ উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সহসভাপতি কাইয়ুম খান হেলাল। তবে আরও ৩ বিএনপি নেতা এ উপজেলায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এ উপজেলায় দুই বিএনপি নেতা নিয়াজ মামনূন রহমান পুটন ও মাহফুজুর রহমান সুমন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

নীলফামারী প্রতিনিধি জানান, ডিমলায় ১ জন চেয়ারম্যান প্রার্থী এবং জলঢাকায় ২ জন ভাইস চেয়ারম্যান (পুুরুষ) প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। নীলফামারীর ডিমলা, জলঢাকা ও সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে এখন ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডিমলা উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৬ জন। সৈয়দপুরে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৫ জন। এ ছাড়া জলঢাকা উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন।

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে জানান, খুলনার দিঘলিয়া ও কয়রা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট একক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল শেষ দিনে সরকার ও বিরোধী দলের বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন থেকে সরে যাওয়ায় দু’দলের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। দিঘলিয়া উপজেলায় চেয়ারম্যান পদে দু’জন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কয়রা উপজেলায় চেয়ারম্যান পদে দু’জন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলের কালিয়ায় শেষ দিনে ৫ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। চেয়ারম্যান পদে রয়েছেন মোল্যা এমদাদুল ইসলাম (আওয়ামী লীগ), খান শামীম রহমান (আওয়ামী লীগ), আসাদুর রহমান (বিএনপি), শেখ নওয়াব-উল-আলম (বিএনপি), মো. মাহমুদুল হাসান (আওয়ামী লীগ)।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026