মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫২

গভীর রাতে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের গণডাকাতি সংঘটিত

গভীর রাতে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের গণডাকাতি সংঘটিত

মোঃ মামুন চৌধুরী: গভীর রাতে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে যাত্রীদের মারধোর করে গণডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতির সময় পুলিশের কাছে আশ্রয় চাইলে পুলিশ নানা অজুহাতে সাহায্য করতে অনীহা প্রকাশ করেছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। তবে পুলিশ দাবি করছে ডাকাতদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর এলাকায় একদল মুখোশধারী ডাকাত রাস্তায় বেশ কয়েকটি সিএনজি অটোরিক্সা আটক করে ডাকাতি শুরু করে। ঘন্টাব্যাপী ডাকাতি চলাকালে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জগামী সিএনজিগুলো ডাকাতির কবলে পড়ে। ডাকাতরা যাত্রীদের মারধোর করে নগদ টাকা, মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নেয়। এ সময় ডাকাতের কবল থেকে বাঁচতে ৩টি সিএনজি তাড়াহুড়ো করে গাড়ি ঘুরিয়ে নেয়ার সময় পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হয়। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ডাকাতের কবলে পড়া যাত্রীরা অভিযোগ করেছেন- ডাকাতির সময় সড়কে টহল পুলিশকে বিষয়টি জানালে তারা বলেন ঘটনাস্থল শায়েস্তাগঞ্জ থানার অধীনে। একথা বলে তারা দায় এড়িয়ে যান।
ডাকাতির শিকার হওয়া লোকজন জানান, ৭টি সিএনজি, ১টি মোটর সাইকেল, ৪টি ম্যাক্সি ডাকাতির শিকার হয়েছে। ডাকাতরা লিওন ওষুধ কোম্পানীর একটি গাড়ি আটক করে ওষুধপত্র নিয়ে যায়। এ সময় গাড়িতে থাকা বিক্রয় প্রতিনিধিরা বাঁধা দিলে তাদেরকে মারপিট করে ডাকাতরা। এতে আহত হন জনি লাল সরকার ও নিউটন দাস। তারা জানান, ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে ওষুধপত্র লুট করে নিয়ে গেছে এবং অনেক ওষুধ পানিতে ফেলে দেয়। যার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। আহত আরজু মিয়া জানান, তাকে মারপিট করে তার সাথে থাকা মোবাইল ও টাকা নিয়ে গেছে ডাকাতরা।
সিএনজি অটোরিকশা মালিক বাবুল মিয়া জানান, সংঘবদ্ধ ডাকাতদল কলিমনগর ও জগতপুরের মধ্যবর্তী স্থানে গো-খাদ্য ফেলে ডাকাতি করে। ডাকাতিকালে শায়েস্তাগঞ্জগামী দু’টি ম্যাক্সি আটক সিএনজিগুলোকে ধাক্কা দেয়। এ সময় সিএনজি, মোটর সাইকেল ও ম্যাক্সিগুলো দুমড়েমুচড়ে গিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে সিএনজিগুলোর ব্যাপক ক্ষতি হয়। আহত হন চালক তোরাব আলী, তৌহিদ, আব্দুর রহিমসহ ৫ জন। খবর পেয়ে পুলিশ ও সিএনজি মালিক, ম্যাক্সি মালিকসহ সমিতি কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে।
অপর একটি সূত্র জানায়, হবিগঞ্জ শহরের আমিরচাঁন কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী আবুল কাশেমের বড় ভাই আব্দুল তাহিদ ইংল্যান্ড যাবার জন্য ঢাকা বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন গভীর রাতে। তাকে বহনকারী গাড়ি চালক দূর থেকে দেখতে পান কলিমনগরের কাছে ডাকাতি চলছে। তিনি দ্রুত গাড়ি ঘুরিয়ে ডাকাতদের কবল থেকে নিজেদের রক্ষা করেন।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি নিজাম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাতরা পালিয়ে যায়। তবে পুলিশ ঘটনার সাথে জড়িত ডাকাতদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে। তিনি আশা করেন শীঘ্রই ডাকাতদের গ্রেফতার করতে পারবে পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026