রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০৬

চীন থেকে নমণীয় ঋণ চায় বাংলাদেশ

চীন থেকে নমণীয় ঋণ চায় বাংলাদেশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: চীনের কাছ থেকে সাপ্লায়ার্স ক্রেডিটের পরিবর্তে নমণীয় ঋণ চায় বাংলাদেশ। দ্বিপাক্ষিক সম্পর্কের আগামী প্রকল্পগুলোতে নমণীয় শর্তে ঋণ দেওয়ার কথা বিবেচনায় নিতে বাংলাদেশ অনুরোধ করেছে। রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্‌রিয়ার আলম চীনা রাষ্ট্রদূত লি জুনকে এ অনুরোধ করেন।

এ বৈঠক উপলক্ষে চীনা রাষ্ট্রপতি জি জিনপিংয়ের থেকে রাষ্ট্রপতি আবদুল হামিদকে পাঠানো আমন্ত্রণপত্র পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে দেন চীনা রাষ্ট্রদূত। এ সময়ে চীনা রাষ্ট্রদূত আগামী মার্চের তৃতীয় সপ্তাহে চীনের ইউনান প্রদেশের গভর্নরের বাংলাদেশ সফরের বিষয়টিও আলোচনা করেন। সফরকালে ইউনান প্রদেশের গভর্নর প্রধানমন্ত্রী, যোগাযোগমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী ২০ মে দুই দিনব্যাপী চীনের সাংহাইতে কনফারেন্স অন ইন্টার-অ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার ইন এশিয়ার (সিআইসিএ) ৪র্থ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও চীনা রাষ্ট্রদূত বৈঠকে দ্বিপাক্ষিক সব সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এ সময়ে বিশেষ করে চীনের প্রকল্প বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্ণফুলী টানেল, রেলসেতু, চীনা বিশেষ শিল্পাঞ্চল নিয়ে আলোচনা করেন।

এ সময়ে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশকে ‘দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সেতু’ হিসেবে আখ্যায়িত করেন। পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ স্থাপনকে অগ্রাধিকার দেওয়ায় বর্তমান সরকারের প্রশংসা করেন। বৈঠকে চার দেশিয় অর্থনৈতিক করিডোর বিসিআইএম নিয়ে বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

এ সময়ে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এগজিভেশন সেন্টার নির্মাণে পূর্বাচলে প্রয়োজনে আরো জমি বরাদ্দ দেওয়ার বিষয়টিতে চীনা রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন শাহ্‌রিয়ার আলম। এ ছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পে চায়না গ্রেট ওয়া ইন্ড্রাস্ট্রি কর্পোরেশনের প্রস্তাব নিয়ে বাংলাদেশ সরকার বিবেচনা করছে বলেও জানান তিনি। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের চীনের ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা দূর করতেও আহ্বান করেন।

বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলে জানান চীনা রাষ্ট্রদূত। বৈঠককালে ভিশন-২০২১ বাস্তবায়নে আর্থ-সামাজিক ও অবকাঠামোগত খাতের প্রকল্পগুলোতে চীনের সহায়তা করার প্রস্তাব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খাত উন্নয়নে চীনা সহযোগিতা বৃদ্ধি ও অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026