শীর্ষবিন্দু নিউজ: ব্রিটেনের লেবার পার্টির ৮ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ লেবার পার্টি। রোববার বেলা সাড়ে ১২টায় সিলেটের সোবহানীঘাটে দলের জেলা কার্যালয়ে আয়োজিত সভায় এ মতবিনিময় করে ১৯ দলীয় জোটের শরিক দলটি
বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও সিলেট মহানগর শাখার সভাপতি মাহাবুবুর রহমান খালেদের সভাপতিত্বে সভায় প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ব্রিটিশ লেবার পার্টির নেতা নর্দান পটন, জুয়ে স্মিথ, রোপিয়া আশরাফ, সারা ফেরদৌস, প্যানেলটি মাওসন, জাকির হোসেন পারভেজ, জুবের মিয়া, এনাম আহমেদ। বাংলাদেশ লেবার পার্টির পক্ষে সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম জালালী পংকী, লেবার পার্টির নগর সাধারণ সম্পাদক আবদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক ফখরুদ্দীন আহমেদ, আখলাকুর রহমান জুনায়েদ, শফি মোহাম্মদ, নাজমুল ইসলাম প্রমুখ।
সভায় টেলি-কনফারেন্সের মাধ্যমে ব্রিটিশ লেবার পার্টির প্রতিনিধিদের স্বাগত জানিয়ে দলীয় কর্মকাণ্ড, দেশের বিরাজমান রাজনৈতিক প্রেক্ষাপট, মানবাধিকার লঙ্ঘন, আইন শৃংখলার অবনতি ও ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের চিত্র তুলে ধরেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
ব্রিটিশ লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ডের গতিশীল নেতৃত্বের প্রসংশা করে ডা. ইরান বলেন, ব্রিটেনের জনগণ ও প্রবাসী বাংলাদেশিদের আস্থা, উন্নয়ন ও অগ্রগতির প্রতীক লেবার পার্টি। কারণ লেবার পার্টি থেকে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার প্রবাসী বাংলাদেশি ও এ দেশের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়নে লেবার পার্টিসহ যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেন।