বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪

সিইসি ফিরছেন দেশে: এবার ভ্রমণে কমিশনারদের পালা

সিইসি ফিরছেন দেশে: এবার ভ্রমণে কমিশনারদের পালা

শীর্ষবিন্দু নিউজ: উপজেলা নির্বাচনের মধ্যে যুক্তরাষ্ট্রে থাকা প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ দুই সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন। তিনি ফেরার পর আগামী মাসে দেশের বাইরে যাচ্ছেন তিন নির্বাচন কমিশনার। তবে এর মধ্যে নেই বিদেশে সফরে ‘অনাগ্রহী’ আবদুল মোবারক, যিনি সিইসির অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন।

উপজেলা নির্বাচনের শুরুতে থাকলেও তৃতীয় পর্বের ভোটের আগে মার্চের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে যান কাজী রকিব। উপজেলা নির্বাচনের মধ্যে এই সফর নিয়ে সমালোচিত তিনি। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত এক সভায় অংশ নিতেই নির্ধারিত সময়ের আগেই যুক্তরাষ্ট্রে যান সিইসি। ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম ওই সভায় অংশ নিতে মঙ্গলবার রওনা দিয়েছেন। এ সপ্তাহে এ বৈঠক হবে। সভা শেষে আগামী ১৪ এপ্রিল সিইসি দেশে ফিরবেন বলে ইসির জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান জানিয়েছেন।

আগামী মাসে নির্বাচন কমিশনার জাবেদ আলী অস্ট্রেলিয়ায়, মো. আবু হাফিজ সুইজারল্যান্ডে, মো. শাহনেওয়াজ ফ্রান্স ও যুক্তরাজ্যে যাচ্ছেন বলে তাদের একান্ত সচিবরা জানিয়েছেন। জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্ত এক সভায় অংশ নিতে শাহনেওয়াজ ১৬ মে থেকে ২৫ মে ফ্রান্সে এবং ২৬ মে থেকে ২ জুন যুক্তরাজ্যে অবস্থান করবেন। জাবেদ আলী ১৮ এপ্রিল অস্ট্রেলিয়া যাবেন। তিনি এক মাস অবস্থান শেষে ফিরবেন ১৭ মে। আবু হাফিজ ১ মে সপ্তাহ খানেকের জন্য সুইজারল্যান্ড রওনা হবেন। তাদের এ সফরে ইসি সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, ভোটার তালিকা প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তারা পর্যায়ক্রমে কমিশনারদের সঙ্গে থাকবেন।

২০১২ সালের ফেব্রুয়ারিতে যোগ দিয়ে সিইসি ও এই তিন নির্বাচন কমিশনার কয়েকটি দেশে গেলেও নির্বাচন কমিশনার আবদুল মোবারক কোথাও যাননি। এবারো তার নাম নেই সফরকারীদের তালিকায়। ইসি কর্মকর্তারা বলেন, আবদুল মোবারক কোথাও যেতে রাজি হন না। এবারের সফরেও নিজের ব্যাপারে এখনো সম্মতি দেননি তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026