শীর্ষবিন্দু নিউজ: বাংলা বর্ষবরণ উৎসবমুখর পরিবেশে ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে পুলিশ ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এবার রাজধানীতে নববর্ষের নিরাপত্তায় যোগ হচ্ছে র্যাবের হেলিকপ্টার। মঙ্গলবার সকালে পুলিশ সদর দফতর সম্মেলন কক্ষে আয়োজিত বাংলা নববর্ষ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভায় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।
সভাপতির বক্তব্যে আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেন, জনগণ যাতে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারে সে জন্য বাংলাদেশ পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংশ্লিষ্ট সকলকে সজাগ ও সর্তক থাকতে হবে। এ সময় তিনি বর্ষবরণ অনুষ্ঠানস্থলে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকারী সদস্যদের সহযোগিতা প্রদান করতে সর্বস্তরের জনগণের সহায়তা কামনা করেন।
বর্ষবরণ উপলক্ষে ঢাকা মহানগরসহ সারাদেশে আয়োজিত বৈশাখী মেলা, অন্যান্য অনুষ্ঠান ও বর্ষবরণকে কেন্দ্র করে সকল জনসমাগমস্থলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাজধানীর নববর্ষের বৃহৎ জনসমাগমস্থল রমনা পার্ক, মঙ্গল শোভাযাত্রায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সকল সংস্থার সমন্বয়ে নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রমনা পার্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র্যাবের কন্ট্রোল রুম স্থাপন করা হবে। জরুরি উদ্ধার তৎপরতা চালানোর জন্য র্যাব’র হেলিকপ্টার নিয়োজিত থাকবে। এছাড়া টহলেও নিয়োজিত থাকবে র্যাবের হেলিকপ্টার। বড় বড় শপিং সেন্টার, মার্কেট, বাজার, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানসমূহে হালখাতা উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। রেল স্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালসহ জনসাধারণের চলাচল স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান আইজিপি।
বর্ষবরণের নিরাপত্তামূলক কার্যক্রম সুষ্ঠু ও সার্বিক সমন্বয়ের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স, সকল মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন করা হবে। সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত আইজিপি একেএম শহীদুল হক, এসবির অতিরিক্ত আইজিপি মো. জাবেদ পাটোয়ারী, এপিবিএন’র অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, র্যাব’র মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, সিআইডি’র অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান। এছাড়াও ঢাকায় অবস্থিত পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।