শীর্ষবিন্দু নিউজ:

বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক খ ম হাসান কবির বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবৈধ প্রধানমন্ত্রী উল্লেখ করার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক খ ম হাসান কবির অভিযোগটি দায়ের করেন।
গত মঙ্গলবার রাতে লন্ডনের ওয়েস্ট মিনস্টার সেন্ট্রাল হলে ব্রিটিশ-বাংলাদেশি সুশীল সমাজের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ৭২ সালে শেখ মুজিবুর রহমান অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে যেমন তাঁর কন্যা শেখ হাসিনাও জোর করে অবৈধ প্রধানমন্ত্রী হয়েছেন।
অভিযোগে বলা হয়, এই বক্তব্য তারেক রহমানের মনগড়া ও তা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বের সামনে হেয়প্রতিপন্ন করেছে। অভিযোগে তারেক রহমানের এই ভাষণ ও বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। অভিযোগে আরও বলা হয়, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি (খ ম হাসান কবির) আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।