রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০

রাতারগুল রক্ষায় সিলেটে মানববন্ধন

রাতারগুল রক্ষায় সিলেটে মানববন্ধন

প্রাকৃতিকভাবে সৃষ্ট বন রক্ষায় কোনো স্থাপনা কিংবা অবকাঠামো নির্মাণ নয়, বনের বেড়ে ওঠায় চাই শুধু নজরদারি। বনকে বনের মতো থাকতে দেওয়ার মধ্যে বনের আসল সুরক্ষা। তাই রাতারগুলের জলার বনে অবকাঠামো নির্মাণ অবিলম্বে প্রত্যাহার করে বন সুরক্ষায় বন বিভাগকে উদ্যোগী হতে হবে। অন্যথায় সিলেটের পরিবেশ সচেতন মানুষকে নিয়ে বন বিভাগের প্রকল্প বন্ধ করতে আন্দোলনের ডাক দেওয়া হবে।

সিলেটের রাতারগুলে বন বিভাগের জাতীয় উদ্যান পরিকল্পনায় পর্যবেক্ষন টাওয়ার, বিশ্রামাগার ও রাস্তা নির্মাণ বন্ধ করে বন সুরক্ষার দাবিতে মানববন্ধনে একাত্ম হওয়া মানুষেরা এ আহবান জানান।  শুক্রবার বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেটের পরিবেশবাদী সংগঠনের সমন্বয়ে নবগঠিত ‘রাতারগুল জলার বন সংরক্ষন কমিটি’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে অবস্থিত রাতারগুল বাংলাদেশের সমৃদ্ধ জলার বন (সোয়াম্প ফরেস্ট) ১৯৭৩ সালে সংরক্ষিত ঘোষণা করে বন বিভাগ। নদী ও হাওর বেষ্টিত ৫০৪ দশমিক ৫০ একর আয়তনের পুরো এলাকা প্রকৃতিপ্রেমীদের নিকট পরিচিতি হয়ে ওঠলে বন বিভাগ প্রস্তাবিত জাতীয় উদ্যান পরিকল্পনায় রাতারগুলে পর্যবেক্ষণ টাওয়ার, বিশ্রামাগার ও রাস্তা নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ পরিকল্পনা শুরু করে। সংরক্ষিত বন এলাকায় অবকাঠামোগত স্থাপনা নির্মাণে বনের প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে জানিয়ে পরিবেশবাদী সংগঠনগুলো বন বিভাগের এ পরিকল্পনা বাস্তবায়নে আপত্তি তোলে।

এ অবস্থায় বন বিভাগ সম্প্রতি জাতীয় উদ্যান পরিকল্পনা বাস্তবায়ন করার পরিপ্রেক্ষিতে পরিবেশবাদী ও নাগরিক সংগঠনের সমন্বয়ে গঠিত রাতারগুল জলার বন সংরক্ষন কমিটি মানববন্ধন কর্মসূচির ডাক দেয়। ‘বনকে বনের মতো থাকতে দাও’-এ আহবান সংবলিত ব্যানারে মানববন্ধনে একাত্ম হন সিলেটের পরিবেশ সচেতন ব্যক্তিসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। বন রক্ষায় বন বিভাগের প্রকল্পবাজি বন্ধ করে বাস্তব সম্মত ও পরিবেশবান্ধব উদ্যোগের দাবিতে বিভিন্ন কথার স্লোগান প্রদর্শন করা হয় প্লে-কার্ডের মাধ্যমে।

সংরক্ষণ কমিটির সদস্য সচিব আবদুর করিম কিমের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরীফ জামিল ও সংরক্ষণ কমিটির আহবায়ক লোকমান আহমদ। প্রায় এক ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে সিপিবির সভাপতি এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, বাপা সিলেটের সহ সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, হবিগঞ্জ বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, পরিবেশ ও প্রকৃতি বিষয়ক ব্লগার হাসান মোরশেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন বিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনিমেষ ঘোষ, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংগঠন প্রাধিকারের সাধারণ সম্পাদক জয় প্রকাশ রায়,

আরো বক্তব্য দেন, এডভোকেট দেওয়ান মিনহাজ গাজী, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গ্রিণ এক্সপ্লোর সোসাইটির সভাপতি হাসান আহমেদ, লিডিং ইউনিভার্সিটির শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, ছাত্র ইউনিয়ন সিলেটের সাধারণ সম্পাদক সহিদুজ্জামান পাপলু, এডভোকেট সৈয়দ ফজলে এলাহী, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নাজনিন আক্তার, টেংরাটিলা দাবি আদায় সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল আমিন, রাতারগুলের বাসিন্দাদের পক্ষে যুব সংগঠক সোনা মিয়া, সংস্কৃতিকর্মি বিমান তালুকদার, জয়দ্বীপ দাশ সুজক, রয়েল পাল, বাংলার মুখ এর সভাপতি নিপু মল্লিক, হাওর পাড়ের ধামাইল এর সভাপতি সজল কান্তি সরকার,বাউলা অন্তরের সদস্য মাহবুব আলম ফারুকী, বাপা সিলেটের সদস্য সুপ্রজিত তালুকদার, রুবেল আহমদ কুয়াশা, সমাজকর্মী শফিকুর রহমান শফিক, শাবি শিক্ষার্থী অর্চিশমাম দত্ত ও সিকৃবি শিক্ষার্থী অনুপ চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃতি, বন ও পরিবেশ সচেতন শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন।

এদিকে রাতারগুল বন রক্ষায় বন বিভাগের প্রকল্প বন্ধের দাবিতে আগামীকাল রোববার দুপুরে রাতারগুল সংরক্ষণ কমিটি নগরের তোপখানায় বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়া হবে। সংরক্ষণ কমিটির আহবায়ক জানান, স্মারকলিপি দিয়ে বন বিভাগের অবস্থান সম্পর্কে অবহিত হয়ে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

– ইমেইল প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2025