শীর্ষবিন্দু নিউজ: জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের কাছে ৩ কনটেন্ট সরানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। ১১ এপ্রিল (শুক্রবার) ফেসবুকের ট্রান্সপারেন্সি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বাংলাদেশ থেকে তিনটি কনটেন্ট সরিয়ে ফেলার অনুরোধ জানানো হয়েছে। এ তালিকায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন যুক্তরাষ্ট্র। এ ছাড়াও কনটেন্ট সেন্সর করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অনুরোধ করেছে ভারত। ব্যক্তিগত তথ্য চাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ অনুরোধ করেছে ভারত। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর মাসে ফেসবুকের কাছে ৮১টি দেশের ২৮ হাজার ১৪৭টি অনুরোধ করা হয়। ছয় মাস পর পর এ প্রতিবেদন প্রকাশ করে ফেসবুক।
২০১৩ সালের জুলাই থেকে ডিসেম্বর মাসে বিভিন্ন দেশের সরকার ফেসবুকের কাছে যেসব অনুরোধ করেছিল তা নিয়ে ট্রান্সপারেন্সি প্রতিবেদনে প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। শুক্রবার (১১ এপ্রিল) ফেসবুকের এবারের প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ থেকে তিনটি কনটেন্ট সরিয়ে ফেলার অনুরোধ করা হয়েছে।
এর আগে ২০১৩ সালের জানুয়ারি থেকে জুন মাসে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি অনুরোধের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারী ১২ জনের তথ্য চাওয়া হয়েছিল। এটি ফেসবুকের দ্বিতীয় ট্রান্সপারেন্সি রিপোর্ট। এর আগে গত বছরের জুন মাস পর্যন্ত তথ্য নিয়ে প্রথম প্রতিবেদনটি প্রকাশ করেছিল ফেসবুক।