শীর্ষবিন্দু নিউজ: সিলেট বিভাগের নব নির্বাচিত ১৩ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার দুপুরে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান। স্থানীয় সরকার বিভাগের সিলেট বিভাগীয় উপ পরিচালক পরিমল সিংহের পরিচালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিআইজি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন ভুইয়া, স্থানীয় সরকার বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক গৌতম কুমার ঘোষ।
এসব উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরাও মঙ্গলবার শপথ গ্রহণ করেন শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন- সিলেট সদরে আশফাক আহমদ (আওয়ামী লীগ), দক্ষিণ সুরমায় আবু জাহিদ (আওয়ামী লীগ), সুনামগঞ্জের জামালগঞ্জে শামসুল আলম ঝুনু (বিএনপি), শাল্লার গনেন্দ্র চন্দ্র সরকার (বিএনপি), ধর্মপাশার মোতালেব খান (বিএনপি), মৌলভীবাজার সদরে মিজানুর রহমান মিজান (বিএনপি), শ্রীমলের রণধীর কুমার দেব (আওয়ামী লীগ), কমলগঞ্জের অধ্যাপক রফিকুর রহমান (আওয়ামী লীগ), বড়লেখার রফিকুল ইসলাম সুন্দর, হবিগঞ্জ সদরের সৈয়দ আহমদুল হক (স্বতন্ত্র), নবীগঞ্জের আলমগীর চৌধুরী (আওয়ামী লীগ), আজমিরিগঞ্জের মো. আতর আলী (আওয়ামী লীগ) ও লাখাই উপজেলার মুশফিউল আলম আজাদ (আওয়ামী লীগ)।