শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মহাকাশে পৃথিবীসদৃশ গ্রহ খুঁজতে খুঁজতে এবার নাসার মহাকাশ বিজ্ঞানীরা প্রথমবারের মতো পৃথিবীর আকৃতির একটি বাসযোগ্য গ্রহের সন্ধান পেয়েছেন। সেখানে প্রাণের অস্তিত্ব এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে এ গ্রহটি একটি শীতল নক্ষত্রের চারপাশে আবর্তন করছে। নাসার ‘কেপলার স্পেস টেলিস্কোপ’ নতুন গ্রহটি শনাক্ত করেছে। মহাকাশ গবেষকরা এর নাম রেখেছেন কেপলার-১৮৬এফ।
গ্রহটি ব্যাসার্ধে পৃথিবীর ব্যাসার্ধের ১ দশমিক ১১ গুণ বড়। ধারণা করা হচ্ছে, গ্রহটির আবহাওয়া ও জলবায়ু হবে পৃথিবীর অনুরূপ। এখানেই শেষ নয়। কেপলার- ১৮৬এফ এর পৃষ্ঠদেশের পানিও পাওয়া যেতে পারে তরল আকারেই। এদিকে কেপলার ১৮৬ নামে যে নক্ষত্রের চারপাশে গ্রহটি প্রদক্ষিণ করছে, সেটি এম১-টাইপের বামন তারকা। এটি চিরকাল হাইড্রোজেন পোড়াতে থাকবে। আর এর অর্থ বিশেষ এ নক্ষত্রটির চারপাশে প্রাণের অস্তিত্ব বিকাশের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
এর পরের পদক্ষেপে মহাকাশ বিজ্ঞানীরা গ্রহটিতে বিদ্যমান রাসায়নিক উপাদানসমূহ পরীক্ষা-নিরীক্ষা করবেন। ‘সায়েন্স’ সাময়িকীতে গবেষণা নিবন্ধটি ছাপা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সংস্থাটির সদরদপ্তরে নাসার অ্যাস্ট্রোফিজিক্স ডিভিশনের পরিচালক পল হার্টজ পৃথিবীসদৃশ নতুন গ্রহ আবিস্কারকে একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে মন্তব্য করেছেন।