শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের স্বার্থে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার আলোকে আরো বেশি মাত্রায় এ দেশগুলোর মধ্যে তথ্য ও জ্ঞান বিনিময়ের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মেক্সিকোতে অনুষ্ঠিত দু’দিনব্যাপী বৈশ্বিক সহযোগিতা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদানের সময় অর্থমন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দক্ষিণের দেশগুলোর সহযোগিতার আলোকে ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, শ্রম অভিবাসন এবং জ্ঞান ও তথ্য বিনিময়ের সম্পসারণ বৃদ্ধি করলে এসব দেশ বহুমুখী কল্যাণ বয়ে আনবে। গ্লোবাল পার্টনারশিপ ফর ইফেকটিভ ডেভেলপমেন্ট কো-অপারেশনের (জিপিইডিসি) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করা হয়।
এতে বিশ্বের ১৩০টি দেশের সরকারি-বেসরকারি, সুশীল সমাজ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ দেড় হাজারের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে গত ১৫ ও ১৬ এপ্রিল এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে বিশ্বব্যাপী উন্নয়ন সহযোগিতার কার্যকারিতা বৃদ্ধির জন্য একটি যৌথ ইশতেহার এবং ২৮টি বিশেষ উদ্যোগের অবতারণা করেন। অর্থমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
এদিকে, ১৫ এপ্রিল বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, অরগানাইজেশন ফর ইকনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) মহাসচিব এঞ্জেল গুরিয়া ও মেক্সিকোর রাষ্ট্রপতি পেনা নিয়েতো উপস্থিত ছিলেন।