শীর্ষবিন্দু নিউজ: সাভারের রানা প্লাজা ধস দুর্ঘটনা নয়, ঠাণ্ডা মাথায় শ্রমিদকের হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বক্তারা। একইসঙ্গে এ ট্র্যাজেডিকে স্মরণকালের ভয়াবহতম ট্র্যাজেডি বলে আখ্যা দিয়েছেন তারা। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে ধসে পড়া রানা প্লাজা ট্র্যাজেডির প্রথম বার্ষিকী উপলক্ষে সোমবার জাতীয় প্রেসক্লাবে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল আয়োজিত গোলটেবিল বৈঠকে আলোচকরা এ অভিযোগ করেন।
ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল’র সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ, সংগঠনের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র, জেডএম কামরুল আনাম প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, রানা প্লাজায় দুর্ঘটনা ঘটেনি, বরং ঠাণ্ডা মাথায় হত্যাকাণ্ড হয়েছে। শ্রমিকদের অসহায়ত্বের সুযোগ নিয়ে, তাদের বেতন বঞ্চিত করার ভয় দেখিয়ে এবং লাঠিপেটা করে মৃত্যুকুপে ঢোকানো হয়েছে। এটা ছিল রক্তচোষা ও মুনাফালোভী মালিকদের কাজ। আর রানা প্লাজা ভবনের মালিক সোহেল রানা একজন রাজনীতিক কর্মী ছিলেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি কয়েক তলা ভিত্তির ওপর নয় তলা ভবন নির্মাণ করেছেন।
বৈঠকে অভিযোগ করা হয়, ২৪ এপ্রিল রানা প্লাজা ট্র্যাজেডির এক বছর পূর্ণ হতে চললেও ক্ষতিগ্রস্ত শ্রমিকরা যথাযথ ক্ষতিপূরণ পায়নি। আহতরা পায়নি সুচিকিৎসা বা পুনর্বাসন। নিখোঁজ শ্রমিকের পরিবার পায়নি স্বজনদের খোঁজ। চাকরি হারা অনেকেই পায়নি চাকরি। ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল ও ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়নের যৌথ উদ্যোগের ফলে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য যে তহবিল ফান্ড গঠন করা হয়েছে তাতে সংশ্লিষ্ট বায়ার ব্র্যান্ডস ও শিল্প মালিকদের সহযোগিতা দেওয়ার আহ্বান জানান তারা।