শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৩৪

পাকিস্তানে ২০০০ বিপন্ন পাখি নিধন সৌদি প্রিন্সের

পাকিস্তানে ২০০০ বিপন্ন পাখি নিধন সৌদি প্রিন্সের

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তান সফরে গিয়ে ফাহাদ বিন সুলতান বিন আবদুল আজিজ আল সৌদ নামের একজন প্রিন্স বিপন্ন প্রজাতির প্রায় দুই হাজার হাউবারা বাস্টার্ড পাখি নিধন করেছেন। শিকারি দলে থাকা তাঁর সঙ্গীরা মেরেছেন ১২৩টি পাখি। তবে তাঁর সঙ্গীরা ছিলেন স্থানীয়। এই পাখি এখন বিপন্ন প্রজাতির। আর এ পাখি শিকার নিয়ে আন্তর্জাতিক আইনেও রয়েছে কঠোর বিধিনিষেধ।

প্রতিবছর এই পাখিগুলো মধ্য এশিয়া থেকে পাকিস্তানের মরু অঞ্চলে অতিথি হয়ে আসে। পাখি শিকারের জন্য ওই অঞ্চলে বিত্তশালী ও আরবের রাজপরিবারের সদস্যরা প্রায়ই বেড়াতে যান। এ সফর নিয়ে এক প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের ১১ জানুয়ারি থেকে ২১ দিনের সফরে বেলুচিস্তানের চাগাই বনাঞ্চলে এ শিকার অভিযান চালান এই যুবরাজ ও তাবুকের গভর্নর। বেলুচিস্তান বন ও বন্যপ্রাণী বিভাগের বন কর্মকর্তা জাফর বালুচের তৈরি করা ওই প্রতিবেদনের শিরোনাম ছিল ভিজিট অব প্রিন্স ফাহাদ বিন সুলতান বিন আবদুল আজিজ আল সৌদ রিগার্ডিং হান্টিং অব হাউবারা বাস্টার্ড।

পাকিস্তানের বন মন্ত্রণালয়ের কর্মকর্তা তাসনিম আসলাম গত ফেব্রুয়ারিতে গার্ডিয়ানকে বলেন, শিকারের জন্য আরবের বিশিষ্টজনদের এখানে আসার প্রচলন দশকের পর দশক ধরে চলছে। ১০ বছর আগেও এ নিয়ে তেমন জনসচেতনতা দেখা যায়নি। কিন্তু এখন এ নিয়ে জনগণের মধ্যে আমরা উদ্বেগ দেখতে পাচ্ছি। দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস এক হিসাবে দেখিয়েছে, বিশ্বে এই পাখির সংখ্যা এক লাখ ১০ হাজার। তবে প্রতিবছরই অবৈধ শিকারের কারণে এ সংখ্যা ২০ থেকে ২৯ শতাংশ কমছে।

ট্রান্স এশিয়া নিউজের খবরে জানানো হয়, এই পাখির মাংস খুব দামি এবং উত্তেজক বলে পরিচিত। ডনের খবরে জানানো হয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী পাকিস্তানে এই পাখি শিকার করা নিষিদ্ধ। এর পরও কেন্দ্রীয় সরকার উপসাগরীয় দেশের রাজপরিবারের সদস্যদের জন্য একটি বিশেষ অনুমতি ইস্যু করে পাখিগুলোকে মারার সুযোগ করে দেয়।

অনুমতিপত্রে কারা শিকার করতে পারবেন তা নির্দিষ্ট করে দেওয়া হয়। এবং একজনের অনুমতি অন্য কেউ ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে সংরক্ষিত এলাকার বাইরেসহ অনুমোদিত এলাকায় ১০ দিনের ১০০টি হাউবারা বাস্টার্ড পাখি নিধনের সুযোগ দেওয়া হয়। প্রতিবেদনে জানানো হয়, ২১ দিনের মধ্যে ১৫ দিনই সৌদি যুবরাজ সংরক্ষিত এলাকায় ও ছয় দিন অন্য এলাকায় শিকার করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026