শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সিরিয়ায় আগামী ৩রা জুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। গৃহযুদ্ধের মধ্যেই নির্বাচন আয়োজনের এ সিদ্ধান্ত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বৈধতা নিয়ে ওঠা প্রশ্নে কিছুটা প্রলেপ দেয়ার প্রয়াস বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে সিরিয়ার বিরোধী দল এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র আসন্ন নির্বাচনকে ‘প্রহসনমূলক’ বলে মন্তব্য করেছে। বৃটেনসহ বিশ্বের কয়েকটি দেশের নেতৃবৃন্দ চলমান সহিংসতার মধ্যেই আসাদ সরকারের নির্বাচন আয়োজনের এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন।
জাতিসংঘের এক মুখপাত্র বলেছেন, এ নির্বাচন একটি রাজনৈতিক সমাধানের সম্ভাবনাকে ব্যাহত করবে। সব কিছুর মধ্যেও আসাদ সরকার প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে সিরিয়ার বহু অংশ। সরকারি ও বিদ্রোহী দুই ভাগে গভীরভাবে বিভক্ত দেশটির জনগণ। নির্বাচন আয়োজন যে রক্তপাতহীন হবে না, তা অনেকটা নিশ্চিত করেই বলা যায়। সিরিয়ায় সহিংসতায় এ পর্যন্ত দেড় লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং এ পর্যন্ত দেশটির প্রায় এক-তৃতীয়াংশ জনসংখ্যা বাস্তুচ্যুত অবস্থায় দিনাতিপাত করছে।