শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার ভার্জিন ব্লু এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাই করা হয়েছে বলে জানা গেলেও। পরবর্তীতে জানা যায় উড়োজাহাজটিকে ইন্দোনেশিয়ার বালি বিমানবন্দরে অবতরণে বাধ্য করা হয়েছে। একজন যাত্রীর মাতলামিতে তুলকালাম কাণ্ড ঘটে গেলো অস্ট্রেলিয়ার ভার্জিন ব্লু এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ নিয়ে। উড়োজাহাজটিকে ছিনতাই করার বিষয়টি মেট্রো টিভিকে নিশ্চিত করেছেন ইন্দোনেশিয়ান এয়ার ফোর্স ইনফরমেশন বিভাগের প্রধান ফার্স্ট মার্শাল (মার্সমা) টিএনআই হাদী জাহজান্তো।
ইন্দোনেশিয়ার মেট্রো টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শুক্রবার দুপুরে জানিয়েছে, অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে ছেড়ে আসা উড়োজাহাজটিকে বালির এনগুরাহ রায় বিমানবন্দরে অবতরণে বাধ্য করা হয়েছে। তবে, এ ছিনতাইয়ের সঙ্গে কারা জড়িত এবং উড়োজাহাজটির যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি। উড়োজাহাজটি বর্তমানে এনগুরাহ রায় বিমানবন্দরেই রয়েছে বলে মনে করা হচ্ছে।
প্রথমে বলা হলো, ব্রিসবেন থেকে বালিগামী উড়োজাহাজটিকে ছিনতাই করে বালির এনগুরাহ রায় বিমানবন্দরে অবতরণে বাধ্য করা হয়েছে। খানিকবাদেই বলা হলো, উড়োজাহাজটিকে পরিষ্কারভাবে ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে, তবে এ ঘটনায় জড়িত সন্দেহে এক যাত্রীকে আটক করা হয়েছে। সর্বশেষ বলা হচ্ছে, মদ্যপ একযাত্রী ককপিটে প্রবেশের চেষ্টা করেছেন, এবং উড়োজাহাজটি ছিনতাই হয়নি। শুক্রবার দুপুরে ইন্দোনেশিয়ার মেট্রো টেলিভিশনে এ ধরনের কয়েক দফা ব্রেকিং নিউজ প্রচারের পর আলোড়িত হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও।
তবে দুপুর সোয়া দুইটা পর্যন্ত ভার্জিন ব্লু এয়ারলাইন্সের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, ওই যাত্রী মদ্যপ ছিলেন বলে ককপিটের দরজায় গিয়ে আঘাত করেছেন, এবং উড়োজাহাজটি ছিনতাই করা হয়নি।ইন্দোনেশিয়ান বিমান বাহিনীর একজন মুখপাত্র সংবাদ মাধ্যম বিবিসিকে জানান, সেনাবাহিনী উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নিয়েছে।ভার্জিন ব্লু এয়ারলাইন্সের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে ইন্দোনেশিয়ান সংবাদ মাধ্যমগুলো বলছে, ওই যাত্রী মাতাল ছিলেন এবং উড়োজাহাজটি ছিনতাই করা হয়নি। বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে কতজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।