রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫

সরকারী কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র ভ্রমণের আমন্ত্রণপত্র ভুয়া

সরকারী কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র ভ্রমণের আমন্ত্রণপত্র ভুয়া

দীন ইসলাম |

আশ্চর্যজনক হলেও সত্যি। নিজ উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রসহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার জন্য কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারী যেসব আমন্ত্রণপত্র জমা দিচ্ছেন তা সঠিক নয় বা অস্তিত্ববিহীন। বাংলাদেশে অবস্থিত দূতাবাস ও কনস্যুলেট অফিস থেকে ভুয়া আমন্ত্রণপত্রের সন্ধান পাচ্ছেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি জানতে পেরে বিদেশ সফরের সরকারি আদেশ জারির ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবের কাছে চিঠি দিয়েছে।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক মানবজমিনকে জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে নিচের দিকে বিষয়টি নিষ্পত্তি হয়ে থাকতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল পাঠানো ওই চিঠিটি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা পেয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (কনস্যুলার) মো. আবুল হাসান মৃধা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সমপ্রতি কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারী নিজ উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সরকারি বা বেসরকারি সংস্থা কর্তৃক আয়োজিত অনুষ্ঠান, সেমিনার বা প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আমন্ত্রণপত্র সংগ্রহ করে থাকেন। ওই আমন্ত্রণপত্রের আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আমন্ত্রিত কর্মকর্তাকে অংশগ্রহণের জন্য অফিস আদেশ ইস্যু করে থাকে। ওই আদেশের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অনুকূলে নোট ভারবাল ইস্যু করে আসছে। কিন্তু দূতাবাস কর্তৃক ভিসা প্রক্রিয়াকরণের সময়ে আমন্ত্রণপত্রগুলো সঠিক নয় বা অস্তিত্ববিহীন প্রতীয়মান হয়েছে। যা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বিব্রতকর। এমন অবস্থায় জরুরিভিত্তিতে দুই ধরনের পদক্ষেপ নেয়ার কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর মধ্যে প্রথম পদক্ষেপে বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ বা অধিদপ্তর কর্তৃক সরকারি অফিস আদেশ জারির আগে সংগৃহীত আমন্ত্রণপত্র যথাযথভাবে যাচাই বাছাই করা প্রয়োজন। একই সঙ্গে মন্ত্রণালয়, বিভাগ বা অধিদপ্তর কর্তৃক নির্ধারিত বাহক মারফত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ভিসা আবেদনপত্র নির্ধারিত দূতাবাস বা কনস্যুলেট অফিসে পাঠানোর ব্যবস্থা করা যায়। সচিবদের কাছে চিঠিতে বলা হয়, ব্যক্তিগতভাবে সংগ্রহ করা আমন্ত্রণপত্রের ভিত্তিতে বিদেশ সফরের জন্য সরকারি আদেশ জারির আগেই যাচাই বাছাই করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সব মন্ত্রণালয়, বিভাগ বা অধিদপ্তরকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ওদিকে প্রশাসনের অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবার যুক্তরাষ্ট্রসহ উন্নত বিশ্বের অনেক দেশে বসবাস করে। তাই সরকারি পদে দায়িত্ব পালনকারী ব্যক্তি নৈমিত্তিক ছুটি নিয়ে ব্যক্তিগত খরচ দেখিয়ে বার বার ওই সব দেশে গেলে প্রশ্নের মুখে পড়তে হয়। কিন্তু আমন্ত্রণপত্র সংগ্রহ করে গেলে এ নিয়ে খুব একটা ঝামেলা পোহাতে হয় না। সহজেই সরকারি আদেশ পেয়ে যান। তবে কিছু অসাধু সরকারি কর্মকর্তা-কর্মচারী আমন্ত্রণপত্র নিজেরা তৈরি করে তার ভিত্তিতে সরকারি আদেশ জারি করান। ওই সব আমন্ত্রণপত্র দূতাবাসে জমা হওয়া মাত্রই ভুয়া প্রমাণিত হয়। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয় মাঝে মধ্যে এ সংক্রান্ত চিঠি পায়। তাই তারা অভিজ্ঞতার ভিত্তিতেই সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে চিঠি দিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2025