শীর্ষবিন্দু নিউজ: ঢাকা শহরে নতুন কোনো শিল্প-কারখানা করা যাবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার দুপুরে রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষ-২-এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। সংসদীয় ও স্থায়ী কমিটির সভাপতিদের সঙ্গে প্রাক-বাজেটের চলমান আলোচনায় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আগামীতে ঢাকা শহরে নতুন কোনো শিল্প-কারখানা করা যাবে না, তবে ব্যাংক প্রতিষ্ঠা করা যাবে। যদি শিল্প কারখানা করতে হয় তবে ঢাকা শহরের বাইরে করতে হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্যের ওপর ভিত্তি করে মুহিত এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা শহরের বাইরে শিল্প-কারখানা করা হলে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। ঢাকা শহরে শিল্প কারখানা করার ক্ষেত্রে সবাইকে নিরুৎসাহিত করতে চাই।শিল্প কারখানা প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, ঢাকায় যাতে আর শিল্প কারখানা না হয় এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।জেলা বাজেট প্রসঙ্গে বলেন, স্থানীয় সরকারের কেন্দ্রে পরিণত হবে জেলা। আগামীতে জেলা বাজেটে ৫০ শতাংশের বেশি বরাদ্দ দেওয়া হবে।
জমির দাম বাড়ানো প্রসঙ্গে বলেন, এবার ঢাকা শহরে জমির দাম বাড়ানো হবে। গত বাজেটে কাঠা প্রতি ৩ থেকে ৪ লাখ টাকা বাড়ানো হয়েছে। এবার দাম বাড়বে তবে কতো বাড়বে এখনই বলা যাবে না।এ সময় উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আফসারুল আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মন্নুজান সুফিয়ান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন বিষয়ক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান প্রমুখ।