শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: শুধু বাংলাদেশ অংশেই নয়, ভারতের অংশেও তিস্তার পানি কমেছে বলে বাংলাদেশকে জানিয়েছে ভারত। এর আগে গত মার্চে তিস্তায় অস্বাভাবিক পানি কমে যাওয়ায় ভারতকে চিঠি পাঠিয়েছিলো বাংলাদেশ।
সে চিঠির বিষয়টি বিবেচনায় নেওয়া হযেছে উল্লেখ করে ভারত লিখেছে, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছি। গত ১০ এপ্রিল তিস্তার এমন পরিস্থিতির কথা জানিয়ে বাংলাদেশকে ভারত চিঠি পাঠিয়েছে বলে পররাষ্ট্র ও পানিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়।
চিঠিতে ভারত জানিয়েছে, তিস্তা নদীর উৎপত্তিস্থল চীন থেকেই পানি প্রবাহ কম হচ্ছে। ফলে তিস্তার পানি কমায় ভারতও উদ্বিগ্ন। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান বাংলানিউজকে বলেন, তিস্তার পানি কমায় আমরাও ভীষণভাবে উদ্বিগ্ন। ভারতে এখন নির্বাচন চলছে। এ কারণে এ বিষয়ে ততোটা এগুনো না গেলেও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। নতুন সরকার আসলে তিস্তার পানি নিয়ে আরো জোর আলোচনা চালানো হবে।
এদিকে তিস্তা নদীর পানি রেকর্ড পরিমাণ কমায় কৃষকের ফসল বাঁচাতে গভীর নলকূপ স্থাপনের পরিকল্পনা করছে সরকার। এ জন্য কোন স্থানগুলোতে এ নলকূপ বসালে এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাবে তা সমীক্ষার জন্য ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংকে (আইডব্লিউএম) কাজ দেয়া হয়েছে। গত ফেব্রুয়ারি মাস থেকেই তিস্তার পানি পর্যায়ক্রমে কমতে থাকে। কিন্তু গত ২২ এপ্রিল হঠাৎ করেই তিস্তায় প্রায় সাড়ে ৩ হাজার কিউসেক পানি আসে। অথচ এর দীর্ঘদিন ধরে মাত্র ৩০০ থেকে ৪০০ কিউসেক পানি তিস্তা নদী দিয়ে প্রবাহিত হয়। তবে ২২ এপ্রিলের পর পানি আর বাড়েনি। গত ২২ এপ্রিলের পানি বৃদ্ধি প্রসঙ্গে জাফর আহমেদ খান জানান, তিস্তার ভারত অংশে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় দেশটি পানি ছাড়তে বাধ্য হয়। ফলে বাংলাদেশ অংশেও পানি বেড়ে যায়।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ভারত অস্বাভাবিকভাবে তিস্তার বাংলাদেশ অংশে পানি কম ছাড়ছে। যেখানে শুষ্ক মৌসুমে গড়ে তিন হাজার কিউসেক পানি থাকে। যা দিয়ে পাঁচ লাখ হেক্টর জমিতে সেচ দেয়া যায়। অথচ এখন তিন হাজার হেক্টর জমিতে কোনো রকমে সেচ কাজ চলছে। এভাবে চললে আগামী বছর এই সেচ প্রকল্প একেবারেই বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিস্তার বর্তমান অবস্থা আমাদের জন্য খুবই হতাশার। এ অবস্থায় তিস্তার পানিবণ্টন চুক্তি স্বাক্ষর অত্যন্ত জরুরি।