শীর্ষবিন্দু নিউজ: টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সাতদিন পর স্নাতক পাস করলেন অনুপম শাহজাহান জয়। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সখীপুর আবাসিক মহিলা কলেজ টিউটোরিয়াল কেন্দ্র থেকে স্নাতক শেষ পর্বের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সোমবার ২০১২ সালের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হয়। এ পরীক্ষায় তিনি জিপিএ ২ দশমিক ৮৩ পেয়ে কৃতকার্য হন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সখীপুর আবাসিক মহিলা কলেজ টিউটোরিয়াল কেন্দ্রের সমন্বয়কারী আহমদ আলী মিয়া জানান, ফলাফল প্রকাশিত হওয়ার পরই পরীক্ষায় উত্তীর্ণের খবর সংসদ সদস্য অনুপম শাজাহান জয়কে জানানো হয়েছে। অনুপম শাহজাহান জয় প্রয়াত সংসদ সদস্য কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের ছেলে।
গত ২০ জানুয়ারি শওকত মোমেন শাহজাহান মারা যান। পরে ২৯ মার্চ ওই আসনের শূন্য পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে ৯১ নম্বর কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়। পরে গত ১৬ এপ্রিল স্থগিত হওয়া ওই কেন্দ্রের ভোটগ্রহণের পর আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয় নির্বাচিত হন। তিনি শপথ নেওয়ার সাত দিন পর স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হলেন।