বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২

রাজনীতিতে শান্তি ফেরায় অর্থনীতিতে স্বস্তি

রাজনীতিতে শান্তি ফেরায় অর্থনীতিতে স্বস্তি

সাইদ আরমান: রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে অর্থনীতি নতুন বেগ পেয়েছে। যদিও ব্যবসায়ী মহলের বিনিয়োগ শঙ্কা পুরোপুরি কাটেনি। নতুন সরকারের কয়েক মাস চলে গেছে। সরকার তার আর্থিক কাঠামো ধরে রাখতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমানকে দ্বিতীয় মেয়াদের জন্য নিয়োগ দিয়েছে।

দ্বিতীয় মেয়াদের প্রথম বছর পার করে রোববার দ্বিতীয় বছরে যাচ্ছেন তিনি। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে তিনি ৫ বছর অতিক্রম করলেন। এমনি এক সময়ে বাংলানিউজের সঙ্গে একান্তে কথা বলেছেন এই উন্নয়ন অর্থনীতিবিদ; যিনি বাংলাদেশ ব্যাংকের দশম গভর্নর হিসেবে দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার সকালে তার সঙ্গে কথা বলেছেন আমাদেরসিনিয়র করেসপন্ডেন্ট সাইদ আরমান। সঙ্গে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান। ড. আতিউর রহমান যখন বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহীর পদে আসেন তখন বৈশ্বিক আর্থিক মন্দাজনিত পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশের অর্থনীতি হিমশিম খাচ্ছিল। দেশের রাজনৈতিক পটপরিবর্তন কেবল ঘটেছে সেই ২০০৯ সালের ৩ মে।

গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সাম্য-সহায়ক টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জাতীয় লক্ষ্য অর্জনে বাংলাদেশ ব্যাংককে অংশগ্রহণমূলক, মানবিক ও জনহিতৈষী বৈশিষ্ট্যে রূপান্তর করার এক নতুন কৌশল গ্রহণ করেন।

তার নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকে বিচক্ষণ মুদ্রানীতি প্রণয়ন, আইন ও বিধি-বিধানে বেশকিছু সংস্কার আনা হয়। হাতে নেওয়া হয় যুগোপযোগী ও সুদূরপ্রসারী প্রাতিষ্ঠানিক কার্যক্রম এবং উপযুক্ত নীতি-পদক্ষেপ। এই পাঁচ বছরে দেশের অর্থনীতির অধিকাংশ সূচকের বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। এমনকি বৈরী রাজনৈতিক পরিস্থিতিতেও অর্থনীতির সূচকগুলোকে খানিকটা স্বস্তিদায়ক অবস্থানে রাখা সম্ভব হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকিং খাতেও এসেছে অভাবনীয় পরিবর্তন।

আতিউর রহমান বলেন, গত পাঁচ বছর ধরেই বাংলাদেশের সার্বিক অর্থনীতি স্বস্তিতে আছে। অর্জিত হয়েছে সন্তোষজনক প্রবৃদ্ধি। আমদানি, রফতানি, রেমিট্যান্স, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, চলতি হিসাবে উদ্বৃত্ত ব্যাপকহারে বেড়েছে। এগুলো অর্থনীতির জন্য ভালো সূচক। বৈশ্বিক ও দেশিয় নানা প্রতিকূল পরিস্থিতিতেও বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট ‘রেজিলিয়েন্স’-এর পরিচয় দিয়েছে। সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতির কারণে গত বছরের সর্বশেষ প্রান্তিকে সূচকগুলো বেশ খানিকটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল।

তবে সমাজ ও রাজনীতিতে দ্রুত শান্তি ফিরে আসায় অর্থনীতি আবার স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে।

সাক্ষাৎকারটি বিস্তারিত তুলে ধরা হলো।

বাংলানিউজ: আপনার সময়ে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা আনতে বেশ কিছু কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংস্কার পদক্ষেপ সম্পর্কে কিছু বলুন।

গভর্নর: একটি গতিশীল, দক্ষ ও ঝুঁকি মোকাবেলায় সক্ষম আর্থিক পদ্ধতি গড়ে তোলার জন্য বাংলাদেশ ব্যাংক পাঁচ বছর মেয়াদী (২০১০-১৪) কৌশলগত পরিকল্পনা হাতে নিয়েছিল। কর্মসূচির আওতায় আর্থিক খাতকে শক্তিশালী এবং স্থিতিশীল রাখতে নিয়ন্ত্রণমূলক ও নজরদারি কাঠামোকে শক্তিশালী করা হয়। গত পাঁচ বছরে বাংলাদেশ ব্যাংকের সুপারভিশনেও (তত্ত্বাবধান) আনা হয়েছে কৌশলগত পরিবর্তন ও আধুনিকতার ছোঁয়া। ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততা কাঠামো শক্তিশালীকরণ, সঞ্চিতি কাঠামো পুনঃনির্ধারণ, ঝুঁকি ব্যবস্থাপনা মডেল শক্তিশালীকরণ, স্ট্রেস টেস্টিং কৌশল প্রবর্তন এবং তথ্য প্রকাশে অধিকতর স্বচ্ছতা আনার ক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য আইনি, নিয়ন্ত্রণমূলক ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিশেষ করে হলমার্ক ও বিসমিল্লাহ গ্রুপের আর্থিক দুর্নীতির উদ্ঘাটনে জোরদার সুপারভিশনের ভূমিকা লক্ষ্যণীয়। এ ধরনের আর্থিক জালিয়াতি বন্ধ করার লক্ষ্যে বহুবিধ উদ্যোগ নেয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর বেশকিছু ধারা ২০১৩ সালে সংশোধন করা হয়েছে। এর ফলে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের ওপর বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ বেড়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর সরকার নিয়োজিত পরিচালকদের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে সক্রিয় থেকেছে।

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ১৯৪৭-কে আরো আধুনিক ও যুগোপযোগী করার জন্য একটি সংশোধনী প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ব্যাংকঋণ মঞ্জুরি ও বিতরণের পর্যায়ক্রমিক প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবার অর্থাৎ পরিচালনা পর্ষদ থেকে শাখা পর্যায় পর্যন্ত সংশ্লিষ্ট সবার সুষ্পষ্ট দায়বদ্ধতা, জবাবদিহিতা ও কার্যকর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাসম্পন্ন কর্পোরেট সুশাসন দৃঢ়মূল করার প্রয়াস জোরদার করা হয়েছে।

প্রথাগত অফসাইট ও অনসাইট সুপারভিশন কার্যক্রমেও গুণগত ও পদ্ধতিগত সংস্কার এনে নতুন গতিশীলতায় পুনর্বিন্যস্ত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে পরিদর্শন ও কুইক রিভিউ রিপোর্ট প্রণয়ন পদ্ধতি চালু করা হয়েছে।

বাংলানিউজ: মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম সম্পর্কে কিছু বলুন।

গভর্নর: মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রমকে আরো সুসংহত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নিরন্তর কাজ করে যাচ্ছে। আইন ও বিধি-বিধানগত সংস্কার কার্যক্রমসহ নেওয়া হয়েছে নানা উদ্যোগ।  আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০০৯ রহিত করে মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ প্রণয়ন করা হয়েছে এবং সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ সংশোধন করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন-২০১২ প্রণয়ন করা হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর আওতায় সম্পৃক্ত অপরাধ হিসেবে বেশকিছু অপরাধমূলক কর্মকাণ্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ আইনের আওতায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গঠন করা হয়েছে। মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের সম্ভাব্য উৎস শনাক্ত করা এবং এর প্রতিরোধ কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে বিশ্বব্যাংক ও জাতিসংঘের সহায়তায় সম্প্রতি একটি বিশেষ সফটওয়্যার স্থাপন ও চালু করা হয়েছে। এর মাধ্যমে এখন থেকে ব্যাংকসহ সব রিপোর্ট প্রদানকারী সংস্থার কাছ থেকে অনলাইনে তাদের নগদ লেনদেন প্রতিবেদন, সন্দেহজনক লেনদেন প্রতিবেদন, অভিযোগ গ্রহণ এবং তা বিশ্লেষণ করা সম্ভব হবে। এসব উদ্যোগের কারণে দেশের ভেতরে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন কার্যক্রম অনেক কমে গেছে।

বিদেশ থেকেও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আসার পরিমাণ অনেক বেড়ে গেছে। ফলে আন্তর্জাতিক স্বীকৃতিও মিলছে। বিএফআইইউ বিশ্বের বিভিন্ন দেশের এফআইইউ’র সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক সংগঠন এগমন্ড গ্রুপের সদস্যপদ লাভ করেছে। সম্প্রতি, মানি লন্ডালিংয়ের কালো তালিকা থেকেও মুক্তি পেয়েছে বাংলাদেশ।

বাংলানিউজ: বৈদেশিক মুদ্রা লেনদেন সহজীকরণে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন গত কয়েক বছরে। এ বিষয়ে বিস্তারিত বলবেন কি?

গভর্নর: বৈদেশিক মুদ্রা লেনদেন অধিকতর উদারীকরণের পদক্ষেপ হিসেবে চলতি হিসাবের আওতাভুক্ত বিদেশে ভ্রমণ, প্রশিক্ষণ, শিক্ষা, চিকিৎসা ব্যয়, আমদানিসহ ব্যবসায়িক প্রয়োজন ইত্যাদির জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণের আবশ্যকতা প্রত্যাহার করা হয়েছে।

বিদেশি নাগরিক ও অনিবাসী বাংলাদেশিরা অনুমোদিত ডিলার ব্যাংকগুলোতে সহজেই এফসি হিসাব খুলতে ও পরিচালনা করতে পারছেন। এই হিসাবে বৈদেশিক মুদ্রা বিদেশ থেকে পাঠানো এবং বিদেশেও পাঠানো সহজ করা হয়েছে।

বিদেশে প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ছাড়করণের আওতা বাড়ানো হয়েছে। বিদেশে শিক্ষা গ্রহণার্থে অর্থ ছাড়করণের বিধিমালা সহজ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ব্যতীত বৈদেশিক মুদ্রার যে পরিমাণ ভ্রমণ ও অন্যান্য চলতি হিসাবে ব্যবহৃত হয়, সেটার পরিমাণও বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে। সার্কভুক্ত দেশগুলো ও মিয়ানমার ভ্রমণের জন্য বৈদেশিক মুদ্রার কোটা ২ হাজার  ডলার এবং অন্য দেশের ক্ষেত্রে ৫ হাজার ডলারে উন্নীত করা হয়েছে। স্থানীয় মুদ্রার কোটা ৫ হাজার টাকা করা হয়েছে। আমরা রফতানি খাত প্রসারে রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ)-এর আকার ১২০ কোটি ডলারে উন্নীত করেছি।

এ তহবিল থেকে একক ঋণগ্রহীতার ক্ষেত্রে প্রদেয় ঋণসীমা বৃদ্ধি করে ১২ মিলিয়ন ডলার করা হয়েছে। নিবাসী ব্যক্তি অথবা প্রতিষ্ঠান দেশে বসে ইন্টারনেট ব্যবস্থায় বিদেশে বিজনেস প্রোসেস আউটসোর্সিং সেবা রফতানির বিপরীতে যেকোনো পরিমাণের অর্জিত বৈদেশিক আয় অনুমোদিত ডিলার ব্যাংক শাখার মাধ্যমে সহজেই দেশে আনতে পারছেন।

ফ্রি-ল্যান্সিংসহ ইন্টারনেটের মাধ্যমে তথ্যপ্রযুক্তি বিষয়ক সেবা রফতানি করে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সর্বোচ্চ ২ হাজার ডলার দেশে আনার সুযোগ করে দেওয়া হয়েছে। বিদেশি পেশাজীবী বা বৈজ্ঞানিক সংস্থার সদস্য ফি, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিভিন্ন ফি-এর জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে পরিশোধের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এমনকি আন্তর্জাতিক ক্রেডিট কার্ডধারী না হয়েও ‘ভারচুয়াল কার্ড’ ব্যবহার করে সাধারণ জনগণও বিদেশে এরূপ ফি অনলাইনে পরিশোধ করতে পারছেন।

এছাড়া আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে হোটেল বুকিং ও বিদেশি পণ্য ও সেবার মূল্য পরিশোধ সহজ করা হয়েছে। আমি মনে করি, এসব উদ্যোগ বৈদেশিক মুদ্রার লেনদেনকে আগের যে কোনো সময়ের তুলনায় সহজ করেছে।

বাংলানিউজ: আপনি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির কথা বলেন। বলেন, এটি ছাড়া সামষ্টিক উন্নয়ন সম্ভব নয়। আর্থিক অন্তর্ভুক্তিকরণমূলক অন্যান্য পদক্ষেপ কী নিয়েছেন?

গভর্নর: ভালো প্রশ্ন করেছেন। বাংলাদেশ ব্যাংক দেশের আর্থিক সেবাবঞ্চিত বৃহত্তর জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে আর্থিক অন্তর্ভুক্তিকরণ বা ফিন্যান্সিয়াল ইনক্লুশন কর্মসূচি গ্রহণ করে। এ লক্ষ্যে ব্যাংকিং খাতকে সামাজিক দায়বোধ প্রণোদিত অর্থায়নে উদ্বুদ্ধ রাখাসহ দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, খাদ্য নিরাপত্তা, কৃষি ও এসএমইসহ উৎপাদনমুখী খাতগুলোতে অর্থায়ন যোগানে বাংলাদেশ ব্যাংক গত প্রায় পাঁচ বছর ধরেই বিভিন্ন সৃজনশীল উদ্যোগ গ্রহণ করে চলেছে। আর্থিক অন্তর্ভুক্তিকরণের অংশ হিসেবে কৃষক ও হতদরিদ্রদেরকে দশ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দেওয়া হয়। এ ধরনের প্রায় এক কোটি ৩৩ লক্ষ ব্যাংক হিসাব খোলা হয়েছে, যার মধ্যে কৃষকদের জন্যে প্রায় ৯৭ লক্ষ হিসাব রয়েছে।

এছাড়া, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী, গার্মেন্টস শ্রমিক, পরিচ্ছন্নকর্মী ও স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য আরো ৩৬ লাখ হিসাব খোলা হয়েছে। এসব হিসাব সচল রাখার জন্য ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়াসহ বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উৎস থেকে ২০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। স্কুল ব্যাংকিংয়ের আওতায় চার বছরের কম সময়ে প্রায় ৩ লাখ স্কুল ছাত্র-ছাত্রী ব্যাংক হিসাব খুলেছে। এসব হিসাবে জমার পরিমাণ দাঁড়িয়েছে ৩০০ কোটি টাকার ওপরে।

সম্প্রতি, কর্মজীবী শিশু ও পথশিশুদের জন্য ১০ টাকায় হিসাব খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে। ইতোমধ্যে একটি রাষ্ট্রীয় মালিকাধীন ব্যাংক একটি সামাজিক উন্নয়ন সংস্থার সহায়তায় কর্মজীবী পথশিশুদের জন্য ব্যাংক হিসাব খুলে ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্বে এ ধরনের ব্যাংক হিসাব খোলার নজির এটিই প্রথম। এখন থেকে যেসব শিশুর কোনো অভিভাবক নেই, সেই পথশিশুরাও ব্যাংক হিসাব খুলতে পারবে। আগে গ্রাহকরা ব্যাংকে গিয়ে ধর্ণা দিতেন। এখন ধর্ণার ধরন পাল্টে গেছে। ব্যাংকই গ্রাহকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। আগে বর্গাচাষি ও গরিব কৃষকরা গ্রাম্য মহাজনের কাছ থেকে চড়া সুদের ঋণ গ্রহণ করে সর্বস্বান্ত হতেন। এখন উপেক্ষিত বর্গাচাষি, ভূমিহীন কৃষক, প্রান্তিক কৃষক, নারী কৃষক, ক্ষুদে ব্যবসায়ী, নারী উদ্যোক্তা সবাই ব্যাংক ঋণ ও আর্থিক সেবা পাচ্ছেন।

আগে এক ধরনের মধ্যস্থতাকারী টাকার বিনিময়ে কৃষিঋণ পাইয়ে দিতে সাহায্য করতো। এখন ব্যাংক কৃষকদের কাছে গিয়ে প্রকাশ্যে ঋণ বিতরণ করছে। বাংলাদেশ ব্যাংক মোবাইল ফোনের মাধ্যমে কৃষকদের সাথে কথা বলে কৃষি ঋণ বিতরণে স্বচ্ছতার বিষয়টি তদারকি করছে।

বাংলানিউজ: দেশের অর্থনীতির অন্যতম ব্যাংক। ব্যাংক ব্যবস্থার আধুনিকায়নে কী উদ্যোগ গ্রহণ করেছেন আপনি?

গভর্নর: আর্থিক খাতের নিয়ন্ত্রক হিসেবে বাংলাদেশ ব্যাংক গত পাঁচ বছরে সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার স্বপ্ন পূরণের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ব্যবহারে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় অনেক দূর এগিয়ে গেছে। এই সময়ে বাংলাদেশ ব্যাংক একটি সম্পূর্ণ ডিজিটালাইজড ও পেপারলেস প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকে দেড় শতাধিক সার্ভার, চার হাজার ল্যাপটপ, পিসি, ইন্টারনেট ও ইন্ট্রানেট সংযোগ, পর্যাপ্ত সংখ্যক প্রিন্টার ও স্ক্যানার রয়েছে। সর্বাধুনিক প্রযুক্তির সার্ভার ও যন্ত্রসামগ্রী ব্যবহার করে সব এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার স্থাপন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে সব ব্যাংকিং কার্যক্রম, তথ্য সংগ্রহ, নিয়োগ, টেন্ডার, এক্সেস কন্ট্রোল সবই করা হচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। দেশের ব্যাংকিং ব্যবস্থাকেও সম্পূর্ণ ডিজিটালাইজড করতে হাতে নেওয়া হয়েছে নানা কার্যক্রম।

বর্তমানে দেশে কার্যরত ৫৬টি ব্যাংকের মধ্যে ৪৬টি ব্যাংকে পুরোপুরি ও ৪টি ব্যাংকে আংশিক অনলাইন ব্যাংকিং ব্যবস্থা চালু করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের ৮২ শতাংশ ব্যাংক এখন অনলাইন ব্যাংকিং সেবা দিচ্ছে। অটোমেটেড ক্লিয়ারিং হাউজ ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক চালুর মাধ্যমে দেশে একটি প্রযুক্তিনির্ভর ও নিরাপদ পেমেন্ট সিস্টেম গড়ে তোলা হয়েছে। এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত টাকা পাঠাতে চালু করা হয়েছে মোবাইল ব্যাংকিং। আগে টাকা পাঠাতে অনেক সময় লাগতো, সমস্যাও হতো। এখন কয়েক সেকেন্ডের মধ্যেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো যায়। শুধু টাকা পাঠানোই নয়, গ্যাস, বিদ্যুৎ ও টেলিফোন বিল, রেল ও ক্রিকেট খেলার টিকেট কেনা, বেতন-ভাতা দেওয়া; কেনাকাটা ইত্যাদি সেবাও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাওয়া যায়। ইন্টারনেট ব্যাংকিং ও ই-কমার্স প্রসারে সব ব্যাংকের বিভিন্ন লেনদেনের একক প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে স্থাপন করা হয়েছে ন্যাশনাল পেমেন্ট সুইচ।

বাংলানিউজ: ব্যাংকের গ্রাহক সেবার মানোন্নয়নে কী পদক্ষেপ নিয়েছেন?
govonar
গভর্নর: গ্রাহক সেবার মানোন্নয়নে আমানত ও ঋণের সুদের হার এবং সিডিউল অব চার্জেস-এর পূর্ণ তালিকা গ্রাহকের জন্য প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। এটি ব্যাংকগুলোকে তাদের ওয়েবসাইটে প্রদর্শন করার তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া সেবার বিপরীতে গৃহীত চার্জের যথাসম্ভব যৌক্তিককরণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকিং খাতে গ্রাহকের আস্থা ও সন্তুষ্টি বজায় রাখার জন্য গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখা অফিসগুলোতে ‘গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্র’ স্থাপন করা হয়েছে।

আশা করি, এসব উদ্যোগ গ্রাহকের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। এতে গ্রাহক হয়রানিও কমবে।

বাংলানিউজ: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নতুন মাত্রায় পৌঁছেছে। এ সম্পর্কে কিছু বলুন।

গভর্নর: ২০০৮-০৯ অর্থবছরের মে মাসের শুরুতে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল ৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার। রেমিট্যান্স ও রফতানি আয়ে বড় ধরনের প্রবৃদ্ধির কারণে গত ১৪ এপ্রিল দেশের ইতিহাসে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে।

গত ২৪ এপ্রিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক ৩৪ বিলিয়ন ডলার। অর্থাৎ পাঁচ বছরে রিজার্ভ রেড়েছে ১৭০ শতাংশ। বর্তমান রিজার্ভ দেশের ছয় মাসের বেশি সময়ের আমদানি মূল্য পরিশোধের জন্য যথেষ্ট। রিজার্ভের এই স্থিতি দক্ষিণ এশিয়ায় ভারতের পরেই বাংলাদেশের স্থান।

বাংলানিউজ: ব্যাংকগুলো কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) পালনে কতদূর এগিয়েছে?

গভর্নর: ২০০৯ সাল থেকেই বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং ও আর্থিক খাতের প্রাতিষ্ঠানিক কার্যক্রমের মূলধারায় সিএসআর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ হাতে নেয়। গত পাঁচ বছরে প্রাকৃতিক ও মানবিক বিপর্যয় মোকাবেলায় এবং সমাজের পিছিয়েপড়া দুর্বল জনগোষ্ঠীর অগ্রযাত্রার সুযোগ বিকাশে ব্যাংকিং ও আর্থিক খাতে বহুমুখী কার্যক্রম সক্রিয় করা সম্ভব হয়েছে। লক্ষ্যণীয় যে, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ বেশ সফলভাবেই সমগ্র আর্থিক খাতকে সামাজিক দায়বোধে প্রণোদিত এবং সক্রিয় করেছে। পাঁচ বছরের ব্যবধানে ব্যাংকিং খাতে সিএসআর ব্যয় ৫৫ কোটি টাকা থেকে প্রায় আটগুণ বেড়ে ৪৪৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। গড়ে সিএসআর ব্যয় হয়েছে ২৫২ কোটি টাকা।

এছাড়া, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় চর, হাওর ও প্রান্তের শীতাক্রান্ত মানুষদের মধ্যে ব্যাংকগুলো ব্যাপকহারে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে। আপনার মনে আছে, গত বছরের ২৪ এপ্রিলের স্মরণাতীতকালের ভয়াবহ শিল্প দুর্ঘটনা সাভারের রানা প্লাজা ধসের পর বাংলাদেশ ব্যাংক অন্য ব্যাংকগুলোকে সঙ্গে নিয়ে প্রতিনিয়ত কোনো না কোনো কার্যক্রম গ্রহণ করে চলেছে।

ভবন ধসের পর পরই বাংলানিউজের মাধ্যমে আমি ব্যাংকগুলোকে আহতদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়ে ছিলাম। দ্রুত চিকিৎসা দিতে বাংলাদেশ ব্যাংকের অ্যাম্বুলেন্সসহ বিশেষ মেডিকেল টিম পাঠানো হয়। যেসব ব্যাংকের নিজস্ব হাসপাতাল রয়েছে, তাদের তাৎক্ষণিকভাবে এই দুর্যোগে সহায়তা করতে এগিয়ে আসার জন্য বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেয়।

পরবর্তীতে সিএসআর-এর অংশ হিসেবে এ দুর্ঘটনায় আহত ও নিহতদের সাহায্যার্থে বাংলাদেশ ব্যাংকসহ ব্যাংকিং ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো প্রায় ১০০ কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেয়। রানা প্লাজা দুর্ঘটনায় উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী ১৩৫ জন বীর স্বেচ্ছাসেবককে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সম্মানসূচক সনদ এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা সম্মাননা প্রদান করা হয়। এর বাইরেও স্বেচ্ছাসেবকদের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির কাজেও বাংলাদেশ ব্যাংক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

বাংলানিউজ: আপনি ঘরে ঘরে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে মোবাইল ব্যাংকিং কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছেন। মোবাইল ব্যাংকিং সেবার বিষয়ে কিছু বলেন?

গভর্নর: ব্যাংকিং ব্যবস্থার আধুনিকায়নে বর্তমান সরকারের সময়ে প্রবর্তন করা হয়েছে মোবাইল ব্যাংকিং। এ পর্যন্ত ২০টি ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে। এ ব্যবস্থার মাধ্যমে মোবাইল ফোন প্রযুক্তির সহায়তায় জনসাধারণের জরুরি কতগুলো ব্যাংকিং ও আর্থিক সেবা প্রদান সম্ভব হচ্ছে। যেমন- টাকা জমা, উত্তোলন, কেনাকাটার বিল, ইউটিলিটি বিল পরিশোধ, বেতন দেওয়া, এটিএম থেকে টাকা উত্তোলন, বিদেশ হতে পাঠানো রেমিট্যান্স বিতরণ, তহবিল স্থানান্তর ইত্যাদি সেবা প্রদান করা যাচ্ছে। এর মাধ্যমে দ্রুত ও কম খরচে লেনদেন এবং আধুনিক ব্যাংকিং সেবায় প্রবেশের সুযোগ সৃষ্টি হবে। গ্রামীণ জনপদে অর্থপ্রবাহ বৃদ্ধি পাবে। এর ফলে অংশগ্রহণমূলক প্রবৃদ্ধি অর্জনের ভিত্তি আরো প্রসারিত হয়েছে। একইসঙ্গে যাতে কোনো ধরনের ঝুঁকি না তৈরি হয় তার জন্য সম্প্রতি কিছু সময় উপযোগী নির্দেশনাও জারি করা হয়েছে।

বাংলানিউজ: কৃষি ঋণ নিয়ে কিছু বলেন।

গভর্নর: ২০০৮-০৯ অর্থবছরে কৃষি ঋণ বিতরণ করা হয়েছিল ৯ হাজার ২৮৪ কোটি টাকা, সেখানে গত অর্থবছরে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে রেকর্ড ১৪ হাজার ৪৬৭ কোটি টাকা। চার বছরের ব্যবধানে এ খাতে প্রবৃদ্ধি প্রায় ৫৬ শতাংশ। চলতি অর্থবছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ১৪ হাজার ৫৯৫ কোটি টাকা, যার বিপরীতে ফেব্রুয়ারি ২০১৪ মাস পর্যন্ত বিতরণ ১০ হাজার ১০৮ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৬৯ শতাংশ। সরকারি ব্যাংকের পাশাপাশি এখন বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোও কৃষি ঋণ দিচ্ছে। গ্রামে যেসব ব্যাংকের শাখা নেই তাদের কৃষি ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংক এনজিও লিঙ্কেজ ব্যবহার করার ব্যবস্থা করেছে। বিদেশি ব্যাংকগুলো তাদের ৯৫ শতাংশ এবং বেসরকারি ব্যাংকগুলো ৩২ শতাংশ কৃষি ঋণ এমএফআই বা এনজিও’র মাধ্যমে বিতরণ করছে। উপেক্ষিত বর্গাচাষিদের ঋণ সুবিধা প্রদানের জন্যে বাংলাদেশ ব্যাংক ২০০৯ সালে এক অভিনব প্রকল্প গ্রহণ করে। প্রথমবারের মতো গঠন করে ৫০০ কোটি টাকার একটি ঘূর্ণায়মান পুনঃঅর্থায়ন তহবিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026