শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৫১

পুঁজিবাজারের স্বার্থে কোনো পদক্ষেপ নেবে না কেন্দ্রীয় ব্যাংক

পুঁজিবাজারের স্বার্থে কোনো পদক্ষেপ নেবে না কেন্দ্রীয় ব্যাংক

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে গিয়ে পুঁজিবাজারে বিরূপ প্রভাব পড়ে এমন কোনো পদক্ষেপ নেবে না বাংলাদেশ ব্যাংক। বিশেষ প্রয়োজনে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে আলোচনা করেই এ ধরনের পদক্ষেপ নেয়া হবে। বুধবার বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে যৌথভাবে কাজ করার পাশাপাশি দুই প্রতিষ্ঠানের মধ্যকার সমন্বয়হীনতা কাটিয়ে উঠারও চেষ্টা করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজি হাসান, বিএসইসির কমিশনার আরিফ খান, আমজাদ হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নওশাদ চৌধুরী ও এস এম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ডেপুটি গভর্নর রাজি হাসান সাংবাদিকদের বলেন, দেশের মুদ্রা ও পুঁজিবাজার ঠিক থাকলে সার্বিক অর্থনীতি ভাল থাকবে। কিন্তু দেশের এ দুটি খাত স্ব স্ব কাজ করলেও বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে অনেক সময় সমন্বয়হীনতা দেখা গেছে। তবে এখন থেকে যে কোনো পদক্ষেপ নেয়ার আগে দুই প্রতিষ্ঠান আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে। কিছু বিষয় আমাদেরও জানা দরকার আবার তাদেরও কিছু জানতে হবে, এ কারণেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি, বলেন তিনি।

সম্প্রতি শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে দৈনিক ভিত্তিতে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোর লেনদেনের তথ্যও চায় দেশের আর্থিক খাত নিয়ন্ত্রকারী প্রতিষ্ঠানটি। এর ফলে দুই নিয়ন্ত্রক সংস্থার মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আগামীতে যেন এ ধরনের পরিস্থিতি না হয় সেজন্যই এ সমন্বয় সভা করা হচ্ছে বলে জানান বিএসইসির কমিশনার আরিফ খান।

আমরা এই প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠক করলাম। প্রথম বৈঠকে অনেক আলোচনা হয়েছে। আরো হবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে, পুঁজিবাজারের জন্য ক্ষতিকর কোনো সিদ্ধান্ত তারা নেবে না। এছাড়া কোনো সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন হলে বিএসইসির সঙ্গে আলোচনা করেই তা করা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026