শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৬

লন্ডনে বিতর্কিত কেন্দ্রিয় ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক

লন্ডনে বিতর্কিত কেন্দ্রিয় ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক

নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে ছাত্রলীগ ব্রিটেন শাখায় বিভক্তি সৃষ্টির অভিযোগ উত্থাপন করেছেন ব্রিটেনে বসবাসরত প্রখ্যাত বর্ষীয়ান সাংবাদিক ও সাহিত্যিক আবদুল গাফ্ফার চৌধুরী।একই সঙ্গে ব্রিটেন ছাত্রলীগের নতুন কমিটি গঠনের নামে সোহাগ-নাজমুলের বিতর্কিত ভূমিকায় হতাশা ব্যক্ত করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগও।

যুক্তরাজ্য আওয়ামী লীগের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় শাখা কমিটির বিরোধ নিষ্পত্তির নামে লন্ডনে এলেও ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক তাদের বিতর্কিত ভূমিকার কারণে এই বিরোধকে বিভক্তির পর্যায়ে নিয়ে গেছেন। সোহাগ-নাজমুলের শিষ্টাচার বহির্ভূত আচরণে বর্ষীয়ান সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামী লীগ অপমানিত বোধ করছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের করে দিয়ে যাওয়া কমিটি প্রত্যাখ্যান করে জোবায়ের-ঝলকের নেতৃত্বাধীন বর্তমান কমিটির নেতৃত্বে কাজ চালিয়ে যাওয়ার জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের বিবৃতিতে বলা হয়, ছাত্রলীগের সাংগঠনিক দায়-দায়িত্ব একান্তই সংগঠনের নিজস্ব হলেও সংগঠনটির সমস্যা ও সংকটে আওয়ামী লীগ কেন্দ্রীয় ও শাখাগতভাবে সব সময়েই সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকে। এই অধিকার থেকেই আমরা পরবর্তী সম্মেলন না-হওয়া পর্যন্ত বর্তমান কমিটির নেতৃত্বে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

প্রসঙ্গত: যুক্তরাজ্য ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে নতুন কর্মকর্তা নির্বাচন নিয়ে বিরোধ চলার এক পর্যায়ে এই বিরোধ নিষ্পত্তির নামে সংগঠনের সভাপতি এইচ এম বদিউজজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সম্প্রতি লন্ডনে আসেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের অভিযোগ মতে, ছাত্রলীগের দুই শীর্ষ নেতা সাংগঠনিক কাজের নামে লন্ডনে এসে যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে কোনো যোগাযোগ না করেই লন্ডনের একটি হলে কর্মী সম্মেলন আহ্বান করেন। ওই সম্মেলনে ছাত্রলীগের বর্তমান কমিটির কোনো নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি।

এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতারা বিষয়টির আপস-নিষ্পত্তির জন্য বর্ষীয়ান সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরীর সহযোগিতা কামনা করেন। এ সময় চৌধুরীও তার সহযোগিতার হাত বাড়িয়ে দেন। গাফ্ফার চৌধুরীর অনুরোধে স্থানীয় ছাত্রলীগ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী সম্মেলনে যোগদান করেন। নেতাদের আলোচনায় সিদ্ধান্ত হয়, কর্মী সম্মেলন শেষে ছাত্রলীগ সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক নাজমুল আলম এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদককে নিয়ে গাফ্ফার চৌধুরী বসবেন এবং বিবদমান দুই গ্রুপের সমন্বয়ে একটি কমিটি গঠন করে তা চৌধুরীর কাছে দেওয়া হবে। ছাত্রলীগ সভাপতি-সম্পাদক দুই গ্রুপের মধ্য থেকে প্রস্তাবিত নতুন কমিটির সদস্যদের নাম গাফ্ফার চৌধুরীর কাছে হস্তান্তর করবেন, এমন সিদ্ধান্তও গৃহীত হয়। কিন্তু সম্মেলনের পরদিন গাফ্ফার চৌধুরী সারাদিন অপেক্ষা করলেও সোহাগ-নাজমুল আর আসেননি।

কয়েকবার টেলিফোন করলেও ছাত্রলীগ সভাপতি-সম্পাদক গাফ্ফার চৌধুরীর টেলিফোন ধরেননি, যুক্তরাজ্য আওয়ামী লীগের বিবৃতিতে এমনই অভিযোগ উত্থাপন করে বলা হয়, শেষ পর্যন্ত বর্ষীয়ান এই সাংবাদিককে অপেক্ষায় রেখেই সোহাগ-নাজমুল লন্ডন ত্যাগ করেন। অভিযোগে আরো বলা হয়, সভাপতি-সম্পাদকের লন্ডন ত্যাগের পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কমিউনিটিতে ছড়িয়ে পড়ে যে, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক তাদের খেয়াল খুশিমতো বিবদমান একপক্ষের কর্মীদের সমন্বয়ে যুক্তরাজ্য ছাত্রলীগের একটি কমিটি করে দিয়ে গেছেন। এ খবরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। নেতাকর্মীদের এই নেতিবাচক প্রতিক্রিয়া প্রশমিত করতে আগামী সম্মেলন না হওয়া পর্যন্ত জোবায়ের আহমদ ও ঝলক পালের নেতৃত্বাধীন বর্তমান কমিটির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানায় যুক্তরাজ্য আওয়ামী লীগ।এদিকে, ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে যুক্তরাজ্য আওয়ামী লীগের উত্থাপিত অভিযোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রবীণ সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী বলেন, ছাত্রলীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠন কেন আজ বার বার বিতর্কে পড়ছে, সংগঠনের বর্তমান সভাপতি ও সম্পাদকের লন্ডন কর্মকাণ্ডে তার প্রমাণ পেলাম।

তিনি বলেন, একটি সংগঠনকে সুশৃঙ্খল, ঐক্যবদ্ধ ও আদর্শিক অঙ্গীকারের প্রতি সংকল্পবদ্ধ রাখতে মূল ভূমিকা পালন করবেন যে সভাপতি-সম্পাদক, তারাই যখন নিজেদের স্বার্থে একটি আদর্শিক সংগঠনে বিভক্তি জিঁইয়ে রাখতে চান, বিতর্ক সেই সংগঠনের পেছন ছাড়বে কীভাবে? ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের ছাত্রলীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগ্রামী সংগঠনের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন গাফ্ফার চৌধুরী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026