মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩১

বিক্ষুব্ধ জনতা যোগাযোগমন্ত্রীকে আটকালেন সিলেটে

বিক্ষুব্ধ জনতা যোগাযোগমন্ত্রীকে আটকালেন সিলেটে

শীর্ষবিন্দু নিউজ: ভাঙা রাস্তা আর কাদা মাড়িয়ে যাচ্ছে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের গাড়ি। এবড়োখেবড়ো রাস্তায় অনেকটা পর্যুদস্ত খোদ মন্ত্রীও। এমন সময় টুকেরবাজারে গিয়ে পৌঁছেন তিনি। দীর্ঘ দিন পর কোন মন্ত্রীর দেখা পেয়ে রাস্তার ওপর থাকা কাদায় দাঁড়িয়ে পড়েন এলাকাবাসী। রাস্তা সংস্কারের দাবিতে স্লোগান।

তবে, যোগাযোগমন্ত্রী এতে বিষণ্ন হননি। তিনি গাড়ির গ্লাস খুলে কথা বলেন এলাকার মানুষের সঙ্গে। বলেন, ‘এই রাস্তা এত খারাপ আগে জানতাম না। এবার হবে ইনশাল্লাহ।’ গতকাল বুধবার সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক পরিদর্শনে গেলে যোগাযোগমন্ত্রীর কাছে নিজেদের দুর্দশার কথা জানাতে এমন কাণ্ড ঘটান সিলেটের কোম্পানীগঞ্জের মানুষ। তবে, আশার কথা হলো মন্ত্রী এই সড়ককে আঞ্চলিক মহাসড়ক ঘোষণা দিয়ে ৬০০ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়ে দিয়েছেন। বলেছেন, একনেকে পাস হলেই বর্ষার পরপরই কাজ শুরু হবে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সরকারের একাধিক মন্ত্রী ও এমপি সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছিলেন। প্রায় তিন বছর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ১০ কোটি টাকার সংস্কারকাজও শুরু করেছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ফলে দেশের বৃহত্তম পাথর কোয়ারির সঙ্গে সম্পৃক্ত এ সড়কের উন্নয়নের দাবি এলাকাবাসীর দীর্ঘ দিনের। বর্তমান সরকারের প্রথম মেয়াদেই কোম্পানীগঞ্জ যাওয়ার কথা ছিল যোগাযোগমন্ত্রী। তারিখও ঠিক হয়েছিল। কিন্তু নানা ঝামেলায় যেতে পারেননি মন্ত্রী। এ কারণে আগে থেকেই সিডিউল চূড়ান্ত করে গতকাল সকালে সিলেট থেকে কোম্পানীগঞ্জ সফরে যান তিনি। মন্ত্রী কোম্পানীগঞ্জ আসছেন শুনে টুকেরবাজারে জড়ো হন স্থানীয় লোকজন। মন্ত্রীর গাড়ি পৌঁছার আগে সেখানে পৌঁছায় সাংবাদিকদের গাড়ি। বিক্ষুব্ধ জনতা প্রথমে আটকান সাংবাদিকদের গাড়ি। সাংবাদিকদের কাছে তুলে ধরেন রাস্তার জন্য তাদের দুর্দশার কথা। এর মিনিট পাঁচেক পরই সেখানে উপস্থিত হয় যোগাযোগমন্ত্রীর গাড়ি। মন্ত্রীর গাড়ি দেখেই লোকজন রাস্তায় নেমে এসে গাড়ি আটকান। এ সময় মন্ত্রী গাড়ির জানালা খুলে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলেন।

তারা মন্ত্রীকে জানান, গত ১৫ বছর ধরে এই রাস্তার জন্য তারা দুর্ভোগ পোহাচ্ছেন। ভাঙা রাস্তার জন্য প্রতিদিনই এই সড়কে দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। মন্ত্রীকে কাছে পেয়ে স্থানীয় লোকজনের যেন দুঃখ বলা শেষ হচ্ছিল না। তারা রাস্তার সংস্কার কাজের নামে লুটপাট, সওজ’র খামখেয়ালিপনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরেন। ভুক্তভোগীরা মন্ত্রীর কাছে অভিযোগ করার পাশাপাশি রাস্তা বন্ধ করে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে মন্ত্রী গাড়ির কাচ বন্ধ করে দেন। এসময় কয়েক শ’ লোক রাস্তার ওপর দাঁড়িয়ে স্লোগান দিতে থাকলে মন্ত্রীর গাড়ি আটকা পড়ে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুরব্বিরা বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে নিলে মন্ত্রীর গাড়ি সামনের দিকে অগ্রসর হয়।

এদিকে কোম্পানীগঞ্জ সফরকালে গতকাল যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিলেট-ভোলাগঞ্জ সড়কটি ক্যানসারে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির কোন সংস্কার না করায় এমন দশা হয়েছে। সড়কটির জন্য উচ্চমানের চিকিৎসা প্রয়োজন। দুয়েক দিনের মধ্যেই জরুরি ভিত্তিতে সিলেট-ভোলাগঞ্জ সড়কটিকে চিকিৎসা দেয়ার কাজ শুরু হবে। মন্ত্রী বুধবার দুপুরে সিলেট-ভোলাগঞ্জ সড়ক পরিদর্শন শেষে ভোলাগঞ্জের ধলাই নদী ব্রিজের ওপর সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

এ সময় মন্ত্রী আরো বলেন, সড়কটি স্থায়ীভাবে সংস্কারের জন্য ৬শ’ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। একনেক-এর অনুমোদন পেলেই বর্ষা মওসুমের পরপরই কাজ শুরু হবে। পরিদর্শনকালে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি ছাড়াও মন্ত্রীর সঙ্গে উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026