শীর্ষবিন্দু নিউজ: দেশের গণতন্ত্র রক্ষা করতে হলে রাজনৈতিক দলগুলোকে পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ‘রাজনৈতিক দল ও বাংলাদেশের গণতন্ত্র’ শীর্ষক সংলাপের মূল প্রবন্ধে একথা বলেন সংস্থাটির গবেষক রওনক জাহান।
এতে তিনি বলেন, আওয়ামী লীগ-বিএনপি ও জাতীয় পার্টি দলের কোন গঠনতন্ত্র মানেনা। দলের ভেতরে কোন গণতন্ত্র নেই। সরকার প্রধান এবং দলের প্রধান এক। এসব কারণে এ দেশে দুর্নীতি বেড়েছে। তৃণমুলের মতামত ছাড়াই এসব দলের কাউন্সিল হয়। এতে বলা হয়, ক্ষমতায় থাকলে দলগুলোর মধ্যে অভ্যন্তরীন কোন্দল বাড়ে। জোটে কোন্দল বাড়ে। এসব সমস্যার কারণেই নারায়ণগঞ্জের নূর হোসেনের মতো লোক দলে জায়গা করে নেয়। মূল প্রবন্ধে বলা হয়, দলের প্রধানের কাছে সব ক্ষমতা দেয়ায় দলগুলোতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা পায়।
অধ্যাপক রেহমান সোবহানের উপস্থাপনায় সংলাপ অনুষ্ঠানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। শামসুল হুদা তার বক্তব্যে বলেন, বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে এমন অবস্থায় বাইরে থেকে নির্বাচনের জন্য চাপ দিতে হবে। সুষ্ঠু নির্বাচন হলে মানুষ তাদের প্রতিনিধি বেছে নেবে। তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধংস করা হলে নূর হোসেনের মতো লোকের উত্থান হয়।