শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতীয় জনতা পার্টি-বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্রভাই দমোদরদাস মোদী রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করতে রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করেছেন। ভারতীয় সময় পূর্ব নির্ধারিত মঙ্গলবার বিকাল তিনটা ২২ মিনিটে মোদী রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করেন বলে জানায় ভারতীয় গণমাধ্যম।
এর আগে বিজেপি সংসদীয় দলের নেতা হিসাবে ও সংসদে ভারতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোদীর নাম প্রস্তাব করেন ভারতীয় জনতা পার্টি বিজেপির সিনিয়র নেতা এল কে আদভানি। সেই সভায় মোদী এক আবেগঘন বক্তব্য রাখেন বলে ঘনিষ্টদের সূত্রে জানিয়েছে এনডিটিভি।
মোদীর আগে রাষ্ট্রপতি ভবনে যান বিজেপি নেতা এল কে আদভানীর নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) ১৫ সদস্যের একটি দল। বিজেপি সভাপতি রাজনাথ সিং এনডিএ এর পক্ষ থেকে সরকার গঠনের প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে। পরে তিনি রাষ্ট্রপতি কাছে অনুরোধ জানান, সরকার গঠনের জন্য মোদীকে আমন্ত্রণ জানানোর জন্য। রাষ্ট্রপতি ভবনের প্রেস সেক্রেটারি ভেনু রাজামনি গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, প্রতিনিধি দলে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপির জ্যেষ্ঠ নেতা মুরলি মনোহর যোশী, সুষমা স্বরাজ, অরুণ জেটলি, ভিনকাইয়ো নাইডু, নিতিন গডকারি, অন্নাথ কুমার ও টি সি গেলট। অন্যদিকে, এনডিএর শরিক দলের মধ্যে আকালি দলের প্রকাশ সিং বাদল, সুখবীর সিং, টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু, শিবসেনা নেতা উদ্ধব থ্যাকারে, এলজেপির রাম বিলাস পাসওয়ান, নাগা পিপলস ফ্রন্টের নেইফু রিও উপস্থিত আছেন বলে জানা গেছে।
এদিকে বিজেপির সংসদীয় দলের প্রতিনিধিদের সভার পর পরই মোদী টুইট করেন। তাতে তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত; যেখানে বিজেপির সংসদীয় দলের প্রতিনিধিদের সভায় আমাদের এনডিএ পরিবারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমি তাদের স্যালুট জানাই। ভাবী এই প্রধানমন্ত্রী তার পূর্বসূরীকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেন, স্বাস্থ্যগত কারণে সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপায়েজি সভায় ছিলেন না, কিন্তু আমি জানি তার আশির্বাদ আমাদের সকলের সঙ্গে রয়েছে। সেই সভায় মোদী মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার সঙ্গে তার টেলিফোনের আলাপ তুলে ধরে বলেন, আমরা দুটি দেশের মধ্যে আগামী দিনে আরো বেশি শক্তিশালী বন্ধন তৈরি আগ্রহী।
জানা যায়, নরেন্দ্র মোদী আগামী ২৬ মে ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। এদিন সন্ধ্যা ছয়টায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বলে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর মোদী সাংবাদিকদের এ কথা জানান। এ সময় তিনি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দেওয়া একটি চিঠিও সাংবাদিকদের দেখান। মঙ্গলবার বিকেল দিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে তিনি এ সংবাদ গণমাধ্যমকে জানান।
এর আগে সকালে বিজেপির বর্ষীয়ান নেতা এল কে আদভানি দলীয় ও শরিক দলের সভায় নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রস্তাব জানান। এরপর ১৫ সদস্যের এনডিএর একটি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। বিকলে তিনটা ৪২ মিনিটে মোদী রাষ্ট্রপতিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এরপর রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ১৬ মে ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে বিজেপি জোট এনডিএ তিনশ ৩৬ আসনে বিজয় লাভ করে। এর মধ্যে বিজেপি পায় দুইশ ৮২ আসন। অন্যদিকে, কংগ্রেস পায় ৪৪টি আসন।পাঁচশ ৪৩ লোকসভা আসনে দুইশ ৭২ আসন পেলে কোনো দল এককভাবেই সরকার গঠন করতে পারে।