শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৬

মুজিবুরের খোঁজে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত বৃটিশ হাইকমিশনার

মুজিবুরের খোঁজে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত বৃটিশ হাইকমিশনার

মিজানুর রহমান: দু’ সপ্তাহ ধরে নিখোঁজ বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক মুজিবুর রহমান মুজিবের উদ্ধার কাজের ফলোআপ জানতে এবার পররাষ্ট্র দপ্তরে গেলেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত বৃটিশ হাই কমিশনার নিক লো। দূতাবাসের কনস্যুলার বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে গতকাল বিকালে সেগুনবাগিচায় দীর্ঘ বৈঠক করেন তিনি।

মন্ত্রী-সচিব নয়, কনস্যুলার সংক্রান্ত বিষয়াবলী দেখভাল করেন এমন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বললেন তারা। সুনামগঞ্জের সিভিল ও পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তৎপরতা, দূতাবাসকে তাদের সরবরাহ করা তথ্য-উপাত্ত এবং বৃটিশ গভর্নমেন্টের অব্যাহত তাগিদের বিষয়ে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের অবহিত করে বৃটিশ দূত উদ্ধার কাজের কোন অগ্রগতি আছে কিনা জানতে চান। তবে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা তাৎক্ষণিক কোন সুখবর দিতে পারেননি। তারা সময় চেয়েছেন। মুজিবুর নিখোঁজ হওয়ার পরপরই পররাষ্ট্র দপ্তরে নোট ভারবাল পাঠিয়ে সরকারকে ঘটনা সম্পর্কে অবহিত করে বৃটিশ হাই কমিশন। সেখানে তাকে উদ্ধারে সরকারের সংশ্লিষ্ট সব বিভাগ ও বাহিনীর সর্বোচ্চ উদ্যোগ নেয়ার অনুরোধ করা হয়।

গতকালের বৈঠকে সেই নোট ভারবালের প্রসঙ্গ আসে। পররাষ্ট্র দপ্তর বৃটিশ দূতকে জানিয়েছে তাৎক্ষণিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সব দপ্তরে বিষয়টি অবহিত করা হয়েছে। তাকে উদ্ধারে সরকারের তরফে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। মে মাসের শুরুর দিকে সুনামগঞ্জ শহরে বিএনপির একটি কর্মসূচিতে সর্বশেষ দেখা গেছে মুজিবুর রহমান মুজিবকে। স্থানীয় সূত্রে খবর বেরিয়েছে, ওই কর্মসূচি থেকে ফেরার পথে প্রাইভেট কারের ড্রাইভারসহ তিনি নিখোঁজ হন। দিন-তারিখ যা-ই হোক প্রায় দু’সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন মুজিবুর। এর মধ্যে তাকে উদ্ধারের স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনে বহুবার ধরনা দিয়েছেন দেশে থাকা তার পরিবারের সদস্য ও স্বজনরা। জেলাজুড়ে হরতাল, সভা-সমাবেশ মানববন্ধন কর্মসূচি পালন করে তার সন্ধান দাবি করা হয়েছে।

বৃটিশ সরকারের প্রতিনিধিও সুনামগঞ্জ ঘুরে এসেছেন। তারা ভিকটিমের পরিবার ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বৃটিশ ফরেন অফিসে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন। সুনামগঞ্জ সদর থানায় মুজিবুরের পরিবারের করা জিডিতে তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোনের সূত্রে এরই মধ্যে পুলিশ ময়মনসিংহ ও সিলেটে সিরিজ অপারেশন চালিয়েছে। সন্দেহজনকভাবে তিন জনকে গ্রেপ্তারও করেছে। সরকারের এসব অ্যাকশন চলমান থাকা অবস্থায় গত ৮ই মে ইইউ’র আয়োজনে ইউরোপ ডে উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেন ভারপ্রাপ্ত বৃটিশ হাই কমিশনার।

ঢাকাস্থ ইইউ ডেলিগেশন প্রধানসহ ইতালি, সুইডেন, জার্মানি, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস ও ডেনমার্ক দূতের উপস্থিতিতে ওই ঘটনাসহ সামপ্রতিক সব অপহরণ ও  গুমের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। মুজিবুর ও দু’বছর ধরে নিখোঁজ ইলিয়াস আলীকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে এসব ঘটনায় সরকারের ব্যাখ্যাও দাবি করেন বৃটিশ ওই দূত। গেল সপ্তাহে প্রধানমন্ত্রীর দু’জন গুরুত্বপূর্ণ উপদেষ্টার উপস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রী বৃটিশ হাই কমিশনারসহ ইইউভুক্ত দেশের রাষ্ট্রদূতদের দেশের রাজনৈতিক, মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন।

ওই বিফিংয়ের চারদিনের মাথায় পররাষ্ট্র দপ্তরে গেলেন বৃটিশ দূত। গতকালের বৈঠকের একটি ইতিবাচক দিকও ছিল। পাল্টাপাল্টি মামলায় এই মুহূর্তে কারাগারে আটক ৫ বাংলাদেশী বংশোদভূত বৃটিশ নাগরিকের অবস্থা জানতে কনস্যুলার এক্সেস চেয়েছিল বৃটিশ হাই কমিশন। সরকার তা দিয়েছে। এজন্য বৃটিশ দূত গতকাল আনুষ্ঠানিকভাবে তার সরকারের তরফে বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026