শীর্ষবিন্দু নিউজ: অপহরণ ও খুন প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর সারা দেশেই অপহরণ প্রতিরোধ স্কোয়াড (অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড) গঠন করা হচ্ছে। নারায়ণগঞ্জের অপহরণ ও সাত খুনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই স্কোয়াড গঠনের উদ্যোগ নেওয়া হয়। প্রথম স্কোয়াড গঠন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ইতোমধ্যে, দেশের প্রায় বেশির ভাগ মহানগর ও বিভাগীয় পর্যায়ে পুলিশের এই বিশেষ স্কোয়াড গঠন করা হয়েছে। স্কোয়াড গঠনের পর ভিকটিম উদ্ধার এবং সঠিকভাবে তদন্ত করার নির্দেশও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট প্রতিটি থানায়।
সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) জালাল উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, অপরাধ দমনে সাধারণ নির্দেশিকা থাকে। তবে স্পর্শকাতর ও জনগুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়। স্কোয়াড বিষয়ে তিনি আরো বলেন, অপরাধ দমনে আমাদের যা যা করণীয়, সে ব্যাপারে আমরা তৎপর রয়েছি।
নারায়ণগঞ্জে অপহরণ ও সাত খুনের ঘটনার পর ঢাকা মহানগরে অপহরণ প্রতিরোধ স্কোয়াড গঠনের পর প্রথম ঢাকা মেট্রোপলিটন এলাকায় স্কোয়াড গঠন করা হয়। একজন জন উপ-পুলিশ কমিশনার ও ২ জন সহকারী পুলিশ কমিশনার (এসি) নেতৃত্বে ৪০ সদস্যের এই নতুন স্কোয়াড কাজ করছে। এই স্কোয়াড গঠনের পর পরই দেশের প্রতিটি মহানগরে এই স্কোয়াড গঠনের উদ্যোগ নেওয়া হয়। একইভাবে রেঞ্জ পুলিশের আওতায় সাত বিভাগে এই স্কোয়াড গঠন করা হচ্ছে। এছাড়া দেশের প্রতিটি মহনগরেও এই স্কোয়াড গঠন করা হয়েছে।
দেশের প্রতিটি বিভাগ ও মহাগরে গঠন করা স্কোয়াড থেকে ইতোমধ্যে ভিকটিম উদ্ধার ও সঠিকভাবে তদন্ত কাজ করবে, এমন নির্দেশনাও দেওয়া হয়েছে। অতিরিক্ত ডিআইজি খন্দকার গোলাম ফারুককে প্রধান করে ঢাকা বিভাগের স্কোয়াড গঠন করা হয়। বিভাগের ১৬টি জেলা এর আওতায় দায়িত্ব পালন করবে।