শীর্ষবিন্দু নিউজ: ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। রোববার দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশের সঙ্গে আমেরিকার অংশীদারিত্ব: আরো শক্তিশালী, আরো গভীর ও যে কোন সময়ের চেয়ে অধিক বিস্তৃত শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
তিনি বলেছেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্যের অমিত সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগালে উভয় দেশ উপকৃত হবে। পদ্মা সেতু প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীনের সঙ্গে ব্রিজ নির্মাণের চুক্তি হচ্ছে বলে পত্রিকায় দেখেছি। এই ব্রিজ তাড়াতাড়ি করা দরকার। করলে জিডিপি দেড় ভাগ বেড়ে যাবে।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমাদের অবস্থান পরিস্কার, আমরা মনে করি দেশীয় ও আন্তর্জাতিক মান রক্ষা হবে এ বিচার কাজে। লিখিত বক্তব্যে তিনি বলেন, পুনরায় বলতে গেলে, আমেরিকা ও বাংলাদেশ গত আড়াই বছরে একটি বিস্তৃত, সমন্বিত অবকাঠামো তৈরি করেছে যা আমাদের অংশীদারিত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তার ২০১২ সালের সফরের সময় পররাষ্টমন্ত্রী হিলারি ক্লিনটন যেভাবে বলেছিলেন যে প্রত্যেক রাষ্ট্রের জন্য এই সম্পর্কটি এতো জরুরি যে সমসাময়িক সচিব ও পররাষ্টমন্ত্রীর প্রাধিকার ও স্বার্থের বাইরেও অংশগ্রহণমূলক কার্যকলাপের জন্য এর নিজস্ব একটি অবকাঠামো প্রয়োজন।
তিনি বলেন, আমাকে প্রায়ই আমেরিকাতে বাংলাদেশের জিএসপি সুবিধা যুক্তরাষ্ট্র দ্বারা স্থগিতের বিষয়ে এবং সেই সুবিধা পুনরায় কবে প্রদান করা হবে সেই বিষয়ে জিজ্ঞেস করা হয়। আসলে, আমার মতে, এটা কোনো সমস্যা নয়। আমার মতে, সমস্যাটা হলো যে বাংলাদেশ কখন সেই পদক্ষেপগুলো গ্রহণ করবে যখন আরেকটি রানা প্লাজার মতো ঘটনা ঘটবে না, আরেকটি তাজরীন ফ্যাশন অগ্নিকান্ডের ঘটনা ঘটবে না সেটা বাংলাদেশ নিশ্চিত করতে পারবে। আমার বিশ্বাস যে বাংলাদেশ তার পোশাক খাতের রূপান্তরের পথে এবং অগ্নিনিরাপত্তা, কারখানা ভবনের গঠনমূলক দৃঢ়তা এবং শ্রমিকদের অধিকারের প্রতি শ্রদ্ধার ক্ষেত্রে এই খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পথে অনেক দূর এগিয়ে চলেছে।
গত জুনে প্রেসিডেন্ট ওবামার বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করার সিদ্ধান্ত এই রূপান্তর প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়েছে। গত জুলাই মাসে, বাংলাদেশ কর্তৃক স্বাক্ষরিত সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট, যুক্তরাষ্ট্রে কর্মপরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জিএসপি সুবিধা পূনর্বহালের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতি বাংলাদেশের নিবেদনকেই তুলে ধরে।