শীর্ষবিন্দু নিউজ: সুরমা নদীর তীরে ঐতিহ্যবাহী সার্কিট হাউস প্রাঙ্গনে চা বাগান তৈরীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রবিবার চা গাছ রোপনের মাধ্যমে চা বাগান তৈরীর কার্যক্রম উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম। সার্কিট হাউসের পশ্চিম কোনে কত্রিমভাবে তৈরী টিলা সংলগ্ন এলাকায় তাজ টি এন্ড ট্রেডিং কোম্পানীর পরিচালক মোসলেহ উদ্দিন খানের সহযোগীতায় এ মিনি চা বাগান তৈরী হচ্ছে। এসব চা বাগানে চা গাছ রোপন ও সার্বিক তত্ত্বাবধান করবে তাজ টি এন্ড ট্রেডিং কোম্পানী।
চা বাগান তৈরীর কার্যক্রম উদ্বোধনকালে সিলেটের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম বলেন, সিলেট হচ্ছে একটি পূন্যভুমি ও পর্যটন নগরী। চা বাগান সিলেট পর্যটন এলাকাকে আরো আকর্ষনীয় করে তুলেছে। সিলেট সার্কিট হাউস এমন একটি স্থানে অবস্থিত যারা পাশে রয়েছে ঐতিহাসিক ক্বীনব্রীজ ও ঘড়িঘর। সার্কিট হাউসকে আরো আকর্ষনীয় করে তোলার জন্য এখানে মিনি চা বাগান তৈরীতে সহযোগীতা করার জন্য তাজ টি এন্ড ট্রেনিং কোম্পানীকে তিনি ধন্যবাদ জানান।
এ সময় তিনি বলেন, সিলেট সার্কিট হাউসে দেশি-বিদেশী অনেক অতিথি আসেন যারা সময়স্বল্পতাহেতু অনেক সময় চা বাগান পরিদর্শন করতে পারেননা। আজকের এ মিনি চা বাগানকে তাদেরকে যেমন মনের খোরাক দিবে, তেমনি তারা সার্কিট হাউসে বসে এক খন্ড সিলেটকে খুজে পাবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এ.জেড.এম নুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) হাসান মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ মনিরুল ইসলাম, এনডিসি তানভীর আল নাসিফ, ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার রিনা, ম্যাজিষ্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান,আরডিসি মোঃ আনিসুর রহমান, এডভোকেট মিসবাহ উদ্দিন আলম, মোমিন ছড়া চা বাগানের সহকারি ব্যবস্থাপক আতিকুর রহমান, আবদুল্লাহ আল মামুন, ইশতিয়াক উদ্দিন খান, সমাজসেবী শেখ তোফায়েল আহমদ সেপুল, আবুল হাসনাত কাশেম প্রমুখ।