বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১

গাড়ি উৎপাদন বন্ধ ঘোষণা করলো অ্যাম্বাসেডর ব্র্যান্ড

গাড়ি উৎপাদন বন্ধ ঘোষণা করলো অ্যাম্বাসেডর ব্র্যান্ড

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভারতের প্রসিদ্ধ অ্যাম্বাসেডর ব্র্যান্ডের গাড়ি উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে হিন্দুস্তান মোটরস লিমিটেড। শনিবার তারা এ ঘোষণা দেয়। মূলত বাজারে চাহিদা কমে যাওয়া এবং তহবিল সংকটের কারণে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে বাজারে থাকা এই গাড়ির উৎপাদন বন্ধ ঘোষণা করা হলো।

গত শনিবার এক বিবৃতিতে হিন্দুস্তান মোটরস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলকাতার বাইরে উত্তরপাড়া কারখানাটি বন্ধ থাকবে। বিবৃতিতে হিন্দুস্তান মোটরস জানায়, উত্তরপাড়া কারখানার অবস্থা অত্যন্ত শোচনীয়। সেখানে গাড়ি তৈরি আশঙ্কাজনক হারে কমে গেছে এবং বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছে। পাশাপাশি বাজারে অ্যাম্বাসেডর গাড়ির চাহিদা কমে গেছে। অন্যদিকে মোট দায় অনেকাংশে বেড়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ব্রিটিশ মরিস অক্সফোর্ড মডেলের অনুকরণে তৈরি অ্যাম্বাসেডর ভারতে তৈরি প্রথম গাড়ি। এমনকি এক সময় এই গাড়ি মর্যাদার প্রতীক হিসেবে মনে করা হতো। কিন্তু ১৯৮০ সালের মধ্যভাগে মারুতি-সুজুকি কম দামে গাড়ি তৈরি ও বাজারজাত শুরু করলে এটি গাড়ির বাজারে কর্তৃত্ব হারায়।

এ ছাড়া নব্বইয়ের দশকের মধ্যভাগে বিশ্বের সমসাময়িক অত্যাধুনিক ও প্রযুক্তিনির্ভর নতুন নতুন গাড়ি ভারতের বাজারে প্রবেশ করায় আবারও হোঁচট খায় প্রতিষ্ঠানটি। বিশেষ করে সরকারি আমলা ও রাজনীতিবিদদের প্রথম পছন্দ ছিল অ্যাম্বাসেডর গাড়ি। সম্প্রতি এই গাড়িগুলো ভারতের বিভিন্ন শহরে ট্যাক্সিক্যাব হিসেবে ব্যবহার করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026